দুশান্বে: মঙ্গলবার দুশান্বেতে মুখোমুখি ভারত-পাকিস্তান। আফগানিস্তান নিয়ে আলোচনায় দুই দেশের বিদেশমন্ত্রী। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের জন্য তাজিকিস্তানের রাজধানীতে পৌঁছোন। মঙ্গলবার দুশান্বেতে আফগানিস্তান নিয়ে একটি আলোচনায় ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীরা ছাড়াও থাকবেন প্রায় ৩০টি দেশ এবং এক ডজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
সূত্র মারফত জানা গিয়েছে, তাজিকিস্তানের মাটিতে ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীর আলাদা করে কোনও বৈঠকের কথা নেই। তবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি একই আলোচনার টেবিলে থাকবেন, একথা সত্যি। ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় মতামত দেবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যুদ্ধবিরতি মেনে চলার সিদ্ধান্তের পর এই প্রথমবার দুই বিদেশমন্ত্রী মুখোমুখি আলোচনার টেবিলে। রবিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছিলেন, ‘‘তাজিকিস্তানে এখনও পর্যন্ত ভারতের সঙ্গে কোনও বৈঠকের ব্যাপারেই সিদ্ধান্ত হয়নি, বা বৈঠকের ব্যাপারে কেউ অনুরোধও জানায়নি।’’
কয়েকদিন আগে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেছিলেন, ‘‘তাজিকিস্তানে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে কোনও বৈঠকের সময় নির্ধারিত হয়নি।’’ সোমবার, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইরান ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন। তিনি আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনির সঙ্গেও সোমবার আলাদা করে দেখা করেছেন। ভারতের বিদেশমন্ত্রী ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাদা করে বৈঠক করেছেন। চাবাহার বন্দর প্রকল্প নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে লিখেছেন, ‘‘ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এউষ্ণ কথোপকথন আমাদের একত্রিত করে তুলেছে। এছাড়াও চাবাহার-সহ আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও একাধিক আলোচনা হয়েছে।’’ তবে বর্তমানে আফগানিস্তানের সার্বিক উন্নয়নেই নজর সবার।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এব্যাপারে তুরস্কের বিদেশমন্ত্রীর সঙ্গেও আলাদা করে আলোচনা করেছেন। ভারতের তরফে আফগানিস্তানের উন্নয়নে পাশে থাকার বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী। ভারত-আফগান সম্পর্ক সুদৃঢ় করারও বার্তা দিয়েছেন তিনি। আগামী দিনেও আফগানিস্তানের একাধিক ক্ষেত্রে উন্নয়নের জন্য ভারত সর্বোতভাবে সাহায্য করবে বলে জানিয়েছেন জয়শঙ্কর।
The post আফগানিস্তান নিয়ে বৈঠকে আলোচনার টেবিলে মুখোমুখি ভারত-পাক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O5YOhN