কলকাতা: মঙ্গলবারের হামলার পরেই বুধবার থেকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। সূত্রের খবর, ২০ জন সিআরপিএফ জওয়ান ঘিরে থাকবেন অশোক দিন্দাকে। হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিমের নিরাপত্তা পাবেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার তথা বর্তমান বিজেপি প্রার্থী।
উল্লেখ্য, মঙ্গলবার প্রচার সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন অশোক দিন্দা। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে দাবি। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।
আরও খবর পড়ুন – BREAKING: হাসপাতালের ICU ওয়ার্ডে আগুন, সরানো হল ৫০ জন রোগীকে
এবারকার বিধানসভা নির্বাচনে ময়না কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার অশোক দিন্দা। মঙ্গলবারই তাঁর ওপর হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।
দ্বিতীয় দফা বিধানসভা ভোটের আগে মঙ্গলবার শেষ প্রচারে বেরিয়েছিলেন অশোক দিন্দা। তাঁর সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষও। অন্যদিকে সেসময়ই প্রচারে নামেন ময়নার তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দোলুই। তাঁর সমর্থনে আবার হাজির ছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বিজেপির অভিযোগ, ওই মিছিল থেকেই দিন্দার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। ইট গিয়ে লাগে দিন্দার পিঠে, আহত হন তিনি। দিন্দা ছাড়াও অপর এক কর্মীর গায়েও ইট লাগে। তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর। এমনকি ওই সমর্থককে হাসপাতালেও ভর্তি করতে হয়।
আরও খবর পড়ুন – “মুকুল শুভেন্দুর মতো খারাপ নয়”, নন্দীগ্রাম দখলে রাখতে কৌশলী মমতা
হামলার ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে দিন্দা জানান, “তৃণমূলের লোকজন তো এভাবে সন্ত্রাসের আশ্রয়েই চলছে। এটাই তো এদের পরিচয়। আমরা হিংস্র নয়। আমরা তো এমন করতে পারব না। এবার মানুষ কী করবেন, মানুষই সিদ্ধান্ত নেবেন।” দিন্দা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার পর কোনোরকমে পালিয়ে তিনি স্থানীয় একটি বিডিও অফিসে ঢোকেন। তাঁর ঘাড়েও চোট লেগেছে বলে জানিয়েছেন তিনি।
The post হামলার পরেই ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন দিন্দা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QT8z3T