নয়াদিল্লি: ১ এপ্রিল নতুন আর্থিক বর্ষে কপাল পুড়তে চলেছে মধ্যবিত্তের। বড়সড় কোপ পড়তে চলেছে পকেটে। কারণ দাম বাড়ছে সংসারের একাধিক প্রয়োজনীয় জিনিসপত্রের। দুধ থেকে শুরু করে দাম বাড়বে টিভি-এসি, বিদ্যুতের বিল সহ একাধিক জিনিসের। ফলে পকেট থেকে মোটা টাকা বেরিয়ে যাবে সাধারণ মধ্যবিত্তের।
কৃষকেরা জানাচ্ছেন, এপ্রিল মাসের পয়লা তারিখ থেকেই দুধের দাম বাড়বে। আপাতত জানা গিয়েছে, লিটার প্রতি দাম বাড়বে ৩ টাকা করে। ফলে দুধের দাম লিটার প্রতি হতে পারে ৪৯ টাকা। দুধ অত্যন্ত সুষম আহার হিসেবে পরিচিত। ফলে রোগী থেকে শিশু সবার জন্য দুধ অত্যন্ত প্রয়োজনীয়, সেই দুধের দাম বাড়ায় চিন্তা বাড়ল সকলেরই।
একইসঙ্গে দুধের দাম বাড়ায় দাম বাড়তে চলেছে দুধ থেকে তৈরি আরও নানান দ্রব্যের। মাখন, ঘি, পনীর-এর দাম যে আরও আকাশ ছোঁবে তা বলে দিতে হয় না। ফলে বিপাকে পড়তে চলেছে আমজনতা। বিশেষ করে যারা নিরামিষাশী, তাঁরা প্রধানত দুধ-পনীর খেতে পছন্দ করেন, তাঁদের জন্য সমস্যা আরও বাড়তে চলেছে।
তবে শুধু যে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের দাম বাড়ছে, ব্যাপারটা মোটেও তেমন না। একই সঙ্গে দাম বাড়তে চলেছে মোটর সাইকেল, ট্রাক্টরের দামও। পাশাপাশি এয়ার কন্ডিশনার, বিদ্যুতের বিল, বিমানের ভাড়াও বাড়তে চলেছে ১ এপ্রিল থেকেই। ফলে নতুন আর্থিক বছরে দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের হালৎ যে ক্রমেই আরও খারাপ হতে চলেছে সে কথা বলার অপেক্ষা থাকে না।
অন্যদিকে ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আরও অনেক কিছু। ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে আবারও বড় ধাক্কার সম্মুখীন হতে চলেছে গ্রাহকরা। ২০২১ সালের ১ এপ্রিল থেকে সাতটি ব্যাঙ্কের চেক বই এবং পাসবুকগুলি অবৈধ হয়ে যাবে।যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ২০১৯ সালের ১লা এপ্রিল এবং ২০২১ সালের ১ এপ্রিল অন্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে চলেছে। সাতটি ব্যাঙ্ক হল- দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক , ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্ক।
The post আগামীকাল থেকেই বাড়ছে দুধ সহ একাধিক জিনিসের দাম, কোপ পড়বে পকেটে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31zWZww