বিজেপি নেতার মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ বিশেষ পর্যবেক্ষকের

কলকাতা: বিজেপি নেতার মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দিল নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক দল। কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতা অমিত সরকারের মৃত্যুকে খুন বলে মনে করেন না নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। ইতিমধ্যেই খুনের তত্ত্ব উড়িয়ে কমিশনকে স্পষ্ট রিপোর্ট জমা দিয়েছেন বিবেক দুবে।

গত ২৪ মার্চ কোচবিহারের দিনহাটার পশু হাসপাতালের বারান্দায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখা যায়। মৃত্যু হয় অমিত সরকার নামে এক বিজেপি নেতার। অমিতকে খুন করে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয় বিজেপি নেতৃত্ব। খুনের অভিযোগ তুলে এরপর দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে চলে প্রতিবাদ। দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে চলে বিক্ষোভ-প্রতিবাদ। অশান্ত হয়ে ওঠে গোটা দিনহাটা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম দশা হয় রাজ্য পুলিশের।

দলের নেতাকে খুনের অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতারা। বিষয়টি তদন্ত করে দেখে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক দল। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাসি আরও কতগুলি দিক খতিয়ে দেখেন পর্যবেক্ষক দলের সদস্যরা। খতিয়ে দেখা হয় সুইসাইড নোট। শেষমেশ দিনহাটার এই বিজেপি নেতার খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

কমিশনে এব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন তিনি। প্রার্থী না হতে পেরে মানসিক অবসাদে ভুগছিলেন অমিত সরকার। অবসাদের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। ২৪ মার্চ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল একটি সুইসাইড নোটও। প্রাথমিকভাবে মৃত্যুটিকে আত্মহত্যা বলেই মনে করেছিল পুলিশ। তবে তা নিয়ে আপত্তি তুলেছিল বিজেপি। খুনের তত্ত্বেই অনড় ছিল বিজেপি। তবে শেষমেশ পুলিশের অনুমানকেই মান্যতা দিল বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট। দিনহাটার বিজেপি নেতা অমিত সরকার আত্মঘাী হয়েছেন বলেই মনে করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। যদিও কমিশন নিযুক্ত এই বিশেষ দলের রিপোর্ট নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে দিনহাটার বিজেপি নেতাদের মধ্যে। অনেকেই এখনও খুন তত্ত্বে অনড় রয়েছেন।

The post বিজেপি নেতার মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ বিশেষ পর্যবেক্ষকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QF7aO7
Post a Comment (0)
Previous Post Next Post