নয়াদিল্লি: করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে দেশজুড়ে। রাজ্যে-রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে মারণ ভাইরাস। পরিস্থিতি পর্যালোচনায় এবার বেশ কয়েকটি রাজ্যে আগে থেকেই হোলি উৎসব এবার নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশ্যে রঙের এই উৎসবকে কেন্দ্র করে সংক্রমণ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এবছর হোলির উৎসব পালনে বিধি নিষেধ যথেষ্ট কড়া করা হয়েছে।
পরপর দু’দিন গোটা দেশে ৬২ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। পরিস্থিতি আর কয়েকদিনের মধ্যেই আরও ভয়াবহ হয়ে ওঠার ইঙ্গিত স্পষ্ট। করোনার সংক্রমণে লাগাম পরাতে তাই এবছর আগে থেকেই হোলির উৎসব বন্ধের চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল একাধিক রাজ্য। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ছটি রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। সেগুলি হল, মহারাষ্ট্র, পঞ্জাব, কেরালা, কর্নাটক, ছত্তীশগড় ও গুজরাত। রাজধানী দিল্লিতেও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ।
দেশের মোট ৮০ শতাংশ করোনার সংক্রমণ এই ছ’টি রাজ্যে। সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে এবার এই রাজ্যগুলিতে হোলির উৎসব পালনে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে হোলির উৎসবে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশ্যে উৎসবকে কেন্দ্র করে জমায়েত নিষিদ্ধ কয়েকটি রাজ্যে। কেন্দ্রীয় সরকারের তরফেও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে হোলির উৎসবে বিধি নিষেধ আরোপের পরামর্শ দেওয়া হয়েছিল।
গোটা দেশের মধ্যে করোনার সেকেন্ড ওয়েভ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে মহারাষ্ট্রে। হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ফের মারাঠাভূমে ৪০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৮ জনের। করোনার সেকেন্ড ওয়েভের প্রভাব দেশজুড়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে এই রাজ্যেই। সংক্রমণে লাগাম টানতে দ্বিতীয়বার রাজ্য়জুড়ে লকডাউনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এব্যাপারে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যে লকডাউন জারি হলেও অর্থনীতিতে ন্যূনতম প্রভাব পড়তে পারে এমন একটি পরিকল্পনা তৈরির চেষ্টা রাজ্য সরকারের।
The post চোখ রাঙাচ্ছে করোনা, হোলির রং ফিকে একাধিক রাজ্যে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P8NVMK