নয়াদিল্লি: দেশে মারাত্মক আকার ধারণ করতে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। সাধারণ মানুষের সঙ্গে উল্লেখযোগ্য হারে সংক্রামিত হচ্ছেন দেশের অ্যাথলিটরাও। পাতিয়ালা এবং বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে গত বুধবার আগাম সতর্কতা হিসেবে অ্যাথলিট এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে ৭৪১ জনের শরীরে করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ব্যাপকহারে দেশের অ্যাথলিটরা মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় এবার নড়েচড়ে বসল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।
অলিম্পিকগামী অ্যাথলিটদের ক্ষেত্রে ভ্যাকসিন প্রদানে গতি আনতে স্বাস্থ্যমন্ত্রকের কাছে চিঠি পাঠাল আইওএ। বেঙ্গালুরু এবং পাতিয়ালায় সাই’য়ের দুটি অ্যাকাডেমিক শাখায় কোনও অলিম্পিকগামী অ্যাথলিট না থাকলেও কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় আইওএ। পিটিআই’কে আইওএ জেনারেল সেক্রেটারি রাজীব মেহতা জানিয়েছেন, ‘অলিম্পিকগামী অ্যাথলিটরা নিরাপদে থাকলেও আমরা অ্যাথলিটদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে যথেষ্ট উদ্বিগ্ন। তাই অলিম্পিকগামী অ্যাথলিটদের যত শীঘ্র সম্ভব আমরা ভ্যাকসিন প্রদানের অনুরোধ করছি। এব্যাপারে আমরা স্বাস্থ্যমন্ত্রককে দু’বার চিঠি লিখেছি।’
এখানেই শেষ নয়। এব্যাপারে এইমসের ডক্টর্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ড: রাজীব রঞ্জনের সঙ্গেও দু’দফায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মেহতা। শুক্রবার অলিম্পিকগামী অ্যাথলিটদের ভ্যাকসিন প্রদানের বিষয়টি তরান্বিত করার অনুরোধ জানিয়ে এইমসে চিঠি দেওয়া হয়েছে আইওএ’র তরফ থেকে। উল্লেখ্য, অলিম্পিকগামী অ্যাথলিটদের ভ্যাকসিন প্রদানের ব্যাপারে অগ্রাধিকার চেয়ে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজীব মেহতাই।
প্রায় ৮০ জন ভারতীয় অ্যাথলিট এখনও অবধি টোকিও অলিম্পিকের জন্য নিশ্চিত হয়েছেন। একবছরের স্থগিত থাকার পর যা শুরু হতে চলেছে আগামী ২৩ জুলাই। শুক্রবার অলিম্পিকের বিমান ধরতে চলা অ্যাথলিটদের ভ্যাকসিন প্রদানের কথা জানিয়ে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সিকেও চিঠি দিয়েছে আইওএ। মেহতার কথায় আইওএ প্রেসিডেন্ট নরিন্দর বাত্রার স্পষ্ট নির্দেশ রয়েছে এব্যাপারে।
ভবিষ্যতে অ্যাথলিটদের ভ্যাকসিন প্রদান করায় যাতে কোনও অসুবিধে না হয় সেব্যাপারে ওয়াডা’র ক্লিনচিট পেতে চাইছে আইওএ। উল্লেখ্য, অলিম্পিকগামী অ্যাথলিট হিসেবে সর্বপ্রথম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন কুস্তিগীর বজরং পুনিয়া।
The post অলিম্পিকগামী অ্যাথলিটদের ভ্যাকসিন প্রদানে গতি আনতে এইমসের দ্বারস্থ আইওএ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QRwaSn