রাতভর নানুরে বোমাবাজি, বাড়ি ভাঙচুর

নানুর: ভোটের আগে উত্তপ্ত নানুর। গতকাল রাতভর নানুরের সিঙ্গি গ্রামে বোমাবাজি চলেছে। সকালের দিকেও বোমাবাজির খবর মিলেছে। এলাকা দখল ঘিরে সংঘর্ষে জড়ায় বিজেপি ও তৃণমূল। সংঘর্ষ চলাকালীন ব্যাপক বোমাবাজি সিঙ্গি গ্রামে। সকালে ঘটনাস্থলে গিয়ে বোমার সুতলি উদ্ধার করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশি টহল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন রাতেই নতুন করে গন্ডগোলের সূত্রপাত। নানুরের সিঙ্গি গ্রামে বিজেপি কর্মীরা এলাকায় পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ সেই সময় হঠাৎই তৃণমূলের কর্মীরা তাঁদের পতাকা লাগানোর কাজে বাধা দেন। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। মুহুর্তে সেই বচসা রূপ নেয় সংঘর্ষের। লাঠি, বাঁশ নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ। ধুন্ধুমার সংঘর্ষ বেধে যায় দু’পক্ষের মধ্যে। এলাকায় শুরু হয় বোমাবাজি। রাতভর সিঙ্গি গ্রামে চলে বোমাবাজি। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ এসেছে। সংঘর্ষে এক তৃণমূলকর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাতভর বোমাবাজি চলার পর এদিন সকালেও গন্ডগোলের খবর মিলেছে সিঙ্গি গ্রাম থেকে। সকালে গ্রামে গিয়ে বোমার সুতলি উদ্ধার করেছে পুলিশ। গ্রামের কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, গ্রামে অশান্তির ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও তৃণমূল।

২০১১ সালের পর থেকে নানুরের একের পর এক গ্রামে তৃণমূলের শক্তি বাড়ছিল। তবে চিত্রটা বদলায় ২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকে। বীরভূমের একাধিক এলাকার পাশাপাশি নানুরেও বিজেপির শক্তি বাড়তে শুরু করে। এলাকার দখল রাখা নিয়ে শাসকদলের সঙ্গে প্রায়শই সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে বিজেপিকে। এবার জেলায় ভোট শুরুর ঠিক আগেও ফের উত্তপ্ত হয়ে উঠল নানুর।

বাংলার ভোট এবার আট দফায়। ইতিমধ্যেই রাজ্যে তিন দফার নির্বাচন শেষ হয়েছে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে। বাংলায় তিন দফার ভোটেই বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে। এক পরেও নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে কমিশন। রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত।

The post রাতভর নানুরে বোমাবাজি, বাড়ি ভাঙচুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cVHp4T
إرسال تعليق (0)
أحدث أقدم