প্রতীতি ঘোষ,বারাসাত : বঙ্গে তৃতীয় দফার ভোটের মুখে ধরা পড়ল এ এক উল্টো চিত্র। আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগের তির আইএসএফ- এর দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।ঘটনাটি ঘটেছে উওর ২৪ পরগণা জেলার অশোকনগর থানার বাকপুল এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা আত্তাবুদ্দিন শনিবার সন্ধ্যায় বাকপুল এলাকার একটি চায়ের দোকানে বসে কর্মীসমর্থকদের নিয়ে রাজনৈতিক আলোচনা করছিলেন। সেই সময় আই. এস.এফ এর বেশ কয়েক জন দুষ্কৃতী এসে তৃণমূল কংগ্রেসের নেতা আত্তাবুদ্দিন ও কর্মীদের উপর হামলা করে ও গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চক্রান্ত করে।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হন। স্থানীয় লোকজনের তৎপরতায় আক্রান্তদের উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এই ঘটনায় রাতেই তনমূল কংগ্রেসের পক্ষ থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তবে এই ঘটনা নিয়ে অশোকনগর বিধানসভার সংযুক্ত মোর্চার আই. এস.এফ এর প্রার্থী তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, “আই এস এফ এই ঘটনার সঙ্গে যুক্ত নেই। এটা পুরোটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দল।”তিনি আরও বলেন, “প্রথমে তৃণমূলের প্রার্থী বদল পরে আবার নতুন প্রার্থী দেওয়া সব মিলিয়ে অশোকনগর বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে যেভাবে তনমূলের গোষ্ঠীদ্বন্দ চলছে এই মারামারির ঘটনা তারই বহিঃপ্রকাশ।”
যদিও এই ঘটনা নিয়ে অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর দত্ত জানিয়েছেন এই ঘটনার সাথে বিজেপি ও আই. এস.এফ যুক্ত।
তিনি বলেন, ” তৃণমূল কংগ্রেস রাস্তায় নামলে অন্য কোনও দলের পতাকা খুঁজে পাওয়া যাবে না। তবে আমরা মারামারির রাজনীতি বিশ্বাস করি না।” পাশাপাশি তিনি বলেন, “যারা এই মারধরের ঘটনা ঘটিয়েছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক।”
The post ভাইজানের সমর্থকদের হাতে আক্রান্ত তৃণমূলীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R8Urnn