উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের সেট নিয়ে যাওয়ার অভিযোগ উঠল সেক্টর অফিসারের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার খবর পাওয়া মাত্রই রাতভর গোটা এলাকা ঘেরাও করে রাখে গ্রামবাসীরা। বিজেপির অভিযোগ, রিগিংয়ের উদ্দেশ্যেই এই কাজ। ঘটনার খবর নির্বাচন কমিশনে পৌঁছনো মাত্রই ওই সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার রাতে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর ওই ইভিএম ও ভিভিপ্যাট বের করে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে ওই সেক্টর অফিসারের নাম তপন কুমার সরকার। গতকাল রাত ৮টা নাগাদ তিনি তৃণমূল নেতা গৌতম ঘোষকে ফোন করে জানান তিনি রাতে তাঁর বাড়িতে থাকবেন। এরপর রাত ২টো নাগাদ তিনি ভিভিপ্যাট নিয়ে পৌঁছন। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, তাঁকে বলা হয়েছিল সেক্টর অফিসার ও তাঁর এক সহকর্মী রাতে ওই তৃণমূল নেতার বাড়িতে থাকবেন। তিনি জানতেন না তাঁরা কোনও মেশিন আনবে। এরপর রাত ২টো নাগাদ যখন তাঁরা ২ জন পৌঁছন তাঁদের সঙ্গে ছিল ইভিএম মেশিন। সঙ্গে সঙ্গেই তিনি জানিয়ে দেন বাড়িতে মেশিন রাখা যাবে না। কিন্তু এরই মধ্যে খবর পেয়ে যান গ্রামবাসীরা। তখনই তাঁরা তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়ি ঘেরাও করে।
এদিকে সেক্টর অফিসার স্বীকার করেছেন তৃণমূল নেতার বাড়িতে থাকার সিদ্ধান্ত তাঁর ভুল ছিল। কিন্তু তিনি জানতেন না ওই বাড়ি কোনও রাজনৈতিক নেতার। তাঁর বক্তব্য, তিনি রিজার্ভ মেশিন পাওয়ার পর বুথে যান। কিন্তু তাঁর অভিযোগ, সেখানে কেন্দ্রীয় বাহিনী ও পোলিং এজেন্টরা তালা বন্ধ করে শুয়ে পড়েছিল। বারবার ডেকেও তিনি সাড়া পাননি। এরপর তিনি রিটার্নিং অফিসারকে ফোন করেন। তিনি গাড়িতেই থাকতে বলেন বলে জানিয়েছেন তপন সরকার। শারীরিক ক্লান্তির কারণেই ওই বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য তিনি জানতেন না ওই বাড়ি কোনও রাজনৈতিক দলের নেতার।
এই ঘটনার অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হয়েছে ওই সেক্টর অফিসারকে। তাঁর জায়গায় অন্য সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। ওই ইভিএমগুলি নির্বাচনের জন্য ব্যবহার করা হবে না বলেও ইতিমধ্য়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেক্টর অফিসার তপন সরকার ইচ্ছাকৃত ভাবে একাজ করেছিলেন নাকি অনিচ্ছাকৃতভাবে তা জানার চেষ্টা চলছে।
The post তৃণমূল নেতার বাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগ, সাসপেন্ড সেক্টর অফিসার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3rQ58HT