বাড়ছে করোনা, ভ্যাকসিন নিলেন যোগী

লখনউ: দেশজুড়ে ক্রমেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। একদিনে সংক্রমণের মাত্রা ইতিমধ্যেই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউ-এর সিভিল হাসপাতালে এই টিকা নেন বিজেপির এই স্টার প্রচারক।

করোনা ভ্যাকসিন নেওয়ার পর যোগী সাধারণ মানুষের কাছে বলেন, ভ্যাকসিন নেওয়ার পরেও যেন সকলে সব সাবধানতা মেনে চলেন। তিনি বলেন, কোভিড বিধি পালনের ক্ষেত্রে আত্মতুষ্টির জেরেই করোনার নতুন ওয়েভ দেখা দিয়েছে।

পাশপাশি বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান যোগী আদিত্যনাথ। একই সঙ্গে দেশের বিজ্ঞানীদেরও ধন্যবাদ জানান যোগী। তিনি বলেন, “আমি দেশের বিজ্ঞানীদেরও ধন্যবাদ জানাচ্ছি। এই ভ্যাকসিন পুরোপুরি নিরাপদ। যখন আমাদের নম্বর আসবে তখন প্রত্যেকের এই ভ্যাকসিন নেওয়া উচিৎ।”

উল্লেখ্য যোগীর রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা এখন দাঁড়িয়ে রয়েছে ৮৮৮১ তে। মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়ে ৬ লক্ষ ৩০ হাজার ৫৯ জনে। করোনার বিস্তার রোধে গাইডলাইন জারি করেছে যোগী সরকার।

অন্যদিকে দেশেও লাফিয়ে বাড়ছে সংক্রমণের মাত্রা। সোমবার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দেশের করোনাগ্রাফ। গত বছর করোনাভাইরাস মহামারীটি শুরু হওয়ার পর থেকে এই প্রথম দেশে একদিনে করোনা আক্রান্ত হল ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই ভারতের সর্বাধিক সংক্রমণ।

একদিনে দৈনিক সংক্রমণ ১ লক্ষ পার করার পর ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ৯২১ জন। এক্টিভ কেসের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন।

সংক্রমণের বেশিরভাগটাই যে মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য।গতকালই দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার পার করেছে । মুম্বই শহরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৪৪৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের।মহারাষ্ট্রে দ্রুত হারে করোনার সংখ্যা বাড়তে থাকায় রাতের কার্ফু-সহ বেশ কিছু কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য সরকার। রাত্রিকালীন কার্ফু শুরু হবে রাত ৮ টা থেকে সকাল সাতটা পর্যন্ত।মহারাষ্ট্র ছাড়াও দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা,কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশর মতো রাজ্যগুলিতেও হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

The post বাড়ছে করোনা, ভ্যাকসিন নিলেন যোগী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39ZF33h
إرسال تعليق (0)
أحدث أقدم