স্টাফ রিপোর্টার, মালদহ: অবশেষে স্বস্তি। ঘরে ফিরলেন পরিযায়ীরা। প্রায় দেড় হাজার পরিযায়ী শ্রমিক নিয়ে মালদহ পৌঁছল ব্যাঙ্গালুরুর শ্রমিক স্পেশাল ট্রেন । বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ ব্যাঙ্গালুরু থেকে সরাসরি মালদহ টাউন স্টেশনে আসে পরিযায়ী শ্রমিকদের ওই স্পেশাল ট্রেনটি।
রাজ্যের ১৮ টি জেলার মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সন্ধ্যায় ওই ট্রেনটি রওনা দিয়েছে এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। বাকি জেলার শ্রমিকদের মালদহ টাউন স্টেশনকেই মূল সেন্টার করা হয়েছে। যেহেতু ব্যাঙ্গালুরু থেকে স্পেশাল শ্রমিকদের ট্রেনটি আসানসোল হয়ে আসে, তাই কোথাও কোনও স্টপেজ না দিয়েই সরাসরি মালদহ টাউন স্টেশনে এই শ্রমিক স্পেশাল ট্রেনের স্টপেজ দেওয়া হয়।
স্টেশনে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য সব টেস্ট সহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে ওইসব শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করবে সংশ্লিষ্ট জেলার প্রশাসনের কর্তারা।
জেলা প্রশাসন এবং রেল সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্গালুরু থেকে শ্রমিক স্পেশাল ট্রেনটিতে মোট ১৪৯৭ জন শ্রমিক রয়েছে। যার মধ্যে মালদহের শ্রমিক রয়েছে ১৮১ জন । এছাড়াও উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলার ১৫৭ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ওই ট্রেনটি সন্ধ্যায় এনজিপি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।
বাকি শ্রমিকদের মালদায় সেন্টার করেই প্রাথমিক আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া , বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর সহ বিভিন্ন জেলার শ্রমিকদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। কিন্তু তার আগে এইসব শ্রমিকদের মালদা টাউন স্টেশনে সোয়াব টেস্টের পরীক্ষার ব্যবস্থা করে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি ভিন রাজ্যে ফেরত শ্রমিকদের নানান ধরনের শারীরিক পরীক্ষা ব্যবস্থা করা হয়।
এদিন শ্রমিক স্পেশাল ট্রেনটি আসার প্রাক্কালে মালদহ টাউন স্টেশনে উপস্থিত ছিলেন, রেল দফতরের আধিকারিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পুলিশকর্মীরা।
সারা দেশের সঙ্গে মালদহ জেলাতেও বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। স্পেশাল ট্রেনে চেপে পরিযায়ী শ্রমিকরা মালদহ রেল স্টেশনে পৌঁছলে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং লালা রসের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়। সামাজিক দূরুত্ব বজায় রেখে শ্রমিকরা ট্রেন থেকে নেমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে সন্ধ্যা ৭ টায় ব্যাঙ্গালুরু থেকেই ১৪৯৭ জন বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাত্রা শুরু করেছিল শ্রমিক স্পেশাল এই ট্রেনটি। যেহেতু বিভিন্ন জেলার স্টপেজ দিলে পরিযায়ী শ্রমিকরা নেমে গা ঢাকা দিতে পারে। তাই অন্য কোনও স্টেশনে ওই ট্রেনের স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা হয়নি। একেবারে মালদহ টাউন স্টেশনে ট্রেনের স্টপেজের ব্যবস্থা করা হয় ।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, মোট ১৪৯৭ জন শ্রমিকের মধ্যে উত্তরবঙ্গের ১৫৭ জন শ্রমিকদের বাদ দিয়ে বাকি ১৩৪০ জন পরিযায়ী শ্রমিকদের মালদহ টাউন স্টেশনে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হয়। রাজ্যের বিভিন্ন জেলায় ওইসব শ্রমিকদের প্রাথমিক চিকিৎসার পর ফেরত পাঠানোর ক্ষেত্রে ৭০ থেকে ৮০ টি সরকারিভাবে বাসের ব্যবস্থা করা হয়েছিল।
যদিও ভিন রাজ্য থেকে ফেরত শ্রমিকদের অনেকের বক্তব্য , সরকার তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করলেও , অনেক কষ্টের মধ্যেই ট্রেনে তাদের আসতে হয়েছে। ঠিকমতো খাবার মেলেনি। শৌচাগারের দুরবস্থা ছিল। অনেকটা ভিড় সামলিয়ে তাদের এতটা দূরের পথ অতিক্রম করে আসতে হয়েছে। তবে নিজের রাজ্যে ফিরে ফিরে এখন স্বভাবতই খুশি ওইসব পরিযায়ী শ্রমিকেরা।
মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, ভিন রাজ্য ফেরত শ্রমিকদের নানা রকম শারীরিক পরীক্ষা করার জন্য মালদহ টাউন স্টেশনে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ।
এছাড়াও নিরাপত্তাব্যবস্থাও আটোসাটো করা হয়। যাতে কোনও শ্রমিক নজর এড়িয়ে চলে না যেতে পারে। যেসব শ্রমিকেরা মালদহে এসে নেমেছেন। তাদের জন্য সব ধরনের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট জেলায় ফেরত পাঠানোর জন্য সরকারিভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে।
The post স্বস্তির খবর, প্রশাসনের তৎপরতায় বাংলায় ফিরলেন ১৫০০ পরিযায়ী শ্রমিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cuawJX