শঙ্কর দাস, বালুরঘাট: ভিন রাজ্য থেকে ফিরে আসা মানুষদের অবাধে ঘোরাঘুরিকে কেন্দ্র করে অশান্তি ও আতঙ্কের ভিড়ে সচেতনতার পরিচয় দিয়ে নজির গড়লেন সুরজিৎ। বাইরে থেকে ফিরে এসে নিজে থেকেই সে আশ্রয় নিয়েছেন শৌচালয়ে। পরিবারের ও প্রতিবেশীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা এড়াতে মিশন নির্মল বাংলার ছোট্ট শৌচালয়েরই বিগত তিনদিন ধরে দিন রাত কাটাচ্ছেন তিনি।
বালুরঘাটের চকভৃগু এলাকার ঘটনা। সিকিম থেকে ভায়া শিলিগুড়ি হয়ে গত বৃহস্পতিবার সকালে ফিরে এসে গ্রামের পাশে ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত ছোট্ট বাথরুমে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন শ্রমিক সুরজিৎ মন্ডল।
গোবিন্দপুর গ্রামে বাড়িতে তার ছোট্ট ছোট্ট শিশু ও অন্যান্য সদস্যরা রয়েছেন। বাড়িতে আলাদা ভাবে থাকার ঘর তো দূর জায়গারও অভাব। পেশায় কাঠমিস্ত্রী পরিযায়ী এই শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন গ্রামের মানুষজন।
পরিবারের লোকজন ও গ্রামের বাসিন্দারা সকলে মিলে সুরজিৎকে ত্রিপল ও খাবার দিয়ে সব রকম ভাবে সাহায্য করছেন। বৃষ্টি জলে যাতে ভিজতে না হয় তার জন্য অব্যবহৃত শৌচালয়ের সামনে ত্রিপল টাঙিয়ে নিয়েছেন। যদিও করোনার পরিসংখ্যানের নিরিখে সিকিম রাজ্য হটস্পট বা রেডজোন হিসেবে ঘোষিত হয়নি।
তবুও ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিক সুরজিৎ মন্ডলের সচেতনতার প্রশংসা করেছেন সকলে। এদিকে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালেই স্থানীয় খাসপুর ব্লক হাসপাতালে সিকিম ফেরত সুরজিৎ মন্ডলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাতে করোনায় আক্রান্ত হওয়ার কোনওরূপ উপসর্গ দেখা যায়নি। সাবধানতা অবলম্বন ও সংক্রমণ প্রতিরোধক নিয়মানুসারে তাঁকে কয়েকদিন কারও সঙ্গে মেলামেশা না করার পরার্মশ দেওয়া হয়েছে।
The post সিকিম থেকে ফিরে বাথরুমেই কোয়ারেন্টাইন পরিযায়ী শ্রমিকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gYLHbD