দেড় কোটি মহিলা ভোটারকে কাছে টানতে হোয়্যাটসঅ্যাপকে অস্ত্র করছে তৃণমূল

স্টাফ রিপোর্টার, কলকাতা: লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল, রাজ্যের মহিলাদের একটা বড় অংশ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাদের কাছে টানতে এবার উঠে পড়ে লাগল জোড়াফুল শিবির। রবিবার, ১৬ আগস্ট থেকে সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় ‘স্বাধীনতার মাস স্বাধীন আকাশ’ নামে একটি কর্মসূচি শুরু করছে তারা।

এই কর্মসূচিতে ৭০ হাজার মহিলা কর্মীকে ময়দানে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রাজ্যের ৭০ হাজার বুথে একজন করে মহিলা কর্মী সেই বুথের ২০ জন মহিলার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ ফরোয়ার্ড করবেন। সেই মেসেজে থাকবে রাজ্যের উন্নয়নে গত ১০ বছরে কী কী পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সচিত্র পরিসংখ্যান। পিডিএফের আকারে সেই পরিসংখ্যান ছড়িয়ে যাবে প্রত্যেক বুথের মহিলাদের কাছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও দিলীপ ঘোষদের নির্দেশ দিয়েছে, দলের আইটি সেলকে আরও শক্তিশালী করে ডিজিটাল প্রচারের প্রস্তুতিও নিতে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মত প্ল্যাটফর্মের ব্যবহার বাড়নো এবং ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুফল ভালো ভাবে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ধারবাহিক প্রচারের মাধ্যমে বাংলার বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে খুন-জখমের ঘটনাকে তুলে ধরার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, বঙ্গ বিজেপি সূত্রে খবর, দিল্লিতে দলের রণকৌশল-বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, দলের প্রত্যেক কর্মীদের মধ্যে এলাকা ভিত্তিক দল গঠন করে তৈরি করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে বিরোধী শিবিরের গতিবিধি, রণকৌশল সংক্রান্ত খবরের আদান-প্রদান চলতে থাকবে প্রতিনিয়ত৷ দেখা যাচ্ছে, তৃণমূলও জন সংযোগ বাড়াতে বিজেপির স্টাইলেই হোয়াটসঅ্যাপকে অস্ত্র বানাতে চাইছে।

ইতিমধ্যেই এই একইভাবে বাংলার যুব সম্প্রদায়কে টার্গেট করেছে জোড়াফুল শিবির। তাদের মাধ্যমে বিধানসভা নির্বাচনের আগে বাংলার ৫০ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি যুব যোদ্ধা ১০টি করে পরিবারের দায়িত্ব নিতে বলেছেন। দশটি পরিবার নিয়ে হোয়াটসআপ গ্রুপ বানাতে বলেছেন ।

The post দেড় কোটি মহিলা ভোটারকে কাছে টানতে হোয়্যাটসঅ্যাপকে অস্ত্র করছে তৃণমূল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iLyRO0
إرسال تعليق (0)
أحدث أقدم