স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজভবনের ওপর নজরদারি চালানো হচ্ছে বলে, বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কয়েক ঘন্টার মধ্যেই সেই অভিযোগের চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি আপনাদের সবাইকে বলতে চাই যে রাজভবনে নজরদারি চালানো হচ্ছে। এটি রাজভবনের পবিত্রতা লঙ্ঘন করে।” রাজ্যপাল বলেন, রাজভবনের কোনও কর্মচারী রাজ্যপালের কথা শুনবে না, এমন আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর প্রশ্ন, রাজভবনের গোপন তথ্য কী করে রাজ্য প্রশাসনের সবোর্চ্চ স্তরে গেল? তিনি বলেন, “যে এই কাজ করুন না শাস্তি পাবেন। তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম না করে রাজ্যপালের কটাক্ষ, নবান্নের কোনও গোপন তথ্য এভাবে এলে আমি সতর্ক করতাম।
এরপরই ধনকড়কে নিশানা করে মহুয়া টুইটারে লেখেন, “আঙ্কেলজি এখন বলছেন রাজভবন ও তাঁর ওপরে নজরদারি করা হচ্ছে। ওই জিনিসটা আপনার গুজরাতের বস অন্য কারও থেকে ভালো জানেন। এক্ষেত্রে যে কেউ ওঁর কাছে নভিস।”
প্রসঙ্গত, এর আগেও রাজ্যের সাংবিধানিক প্রধানকে আঙ্কেলজি বলে সম্মোধন করেছিলেন মহুয়া মৈত্র। ওই সময় ধনকড়ের উদ্দেশে তাঁর টুইট ছিল, ‘‘আঙ্কলজি, তিনটি বিষয়— এক, বিজেপি নেতা নির্বাচন করে, কার হাতে কতটা রক্তের দাগ আছে দেখে। তৃণমূল কঠোর পরিশ্রমকে পুরস্কৃত করে। দুই, আইনজীবী হিসেবে আপনার কেরিয়ার বিশেষ উজ্জ্বল নয়। যত দিন রাজ্যপাল রয়েছেন, রাজভবনের গরিমাটুকু অন্তত বজায় রাখার চেষ্টা করুন। তিন, পরবর্তী ভোটে আপনি রাজস্থান থেকে লড়তেই পারেন। নিজেকে তার জন্য ফিট রাখুন।’’
স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে চা-চক্রে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল। এপ্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার যোগাযোগ করে বলেছিলাম সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। উনি খুবই বাজে দৃষ্টান্ত স্থাপন করলেন। এমনটা কোনও জায়গায় কখনও এর আগে হয়নি। আমি বাকরুদ্ধ। উনি যখন এসেছেন তখন কাজে ব্যস্ত ছিলাম আমি।” অনুষ্ঠানের সাংবিধানিক মর্যাদা অসম্মানিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, শনিবারই রাতের দিকে রাজ্যপাল রাজভবনের সেই অনুষ্ঠানের একাধিক ছবি টুইট করেছিলেন। সেই ছবিতে একটা ফাঁকা চেয়ারের প্রসঙ্গ উল্লেখ করেন রাজ্যপাল। ছবিতে দেখা গিয়েছে, সেই চেয়ারে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করা। সেই ফাঁকা চেয়ার প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল বলেন, “এই ফাঁকা চেয়ার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির চিহ্ন বহন করছে। এই অনুপস্থিতি মোটেও রাজ্যের ইতিবাচক সংস্কৃতির সৌজন্য বহন করে না।”
এপ্রসঙ্গে মহুয়ার টুইট, “করোনা আবহের মধ্যেও রাজ্যপালের চা-চক্রে যাঁরা আমন্ত্রণ পেয়েছিলেন তাঁরা ভাগ্যবান। করোনার মধ্যে এভাবে চা-চক্রে লোক জোগাড় করা মুখ্যমন্ত্রী ও ওঁনার পক্ষে যুব একটা যুক্তিযুক্ত বলে মনে হয় না।”
The post ‘আপনার গুজরাতের বস নজরদারিটা ভালো জানেন’, ধনকড়কে পাল্টা মহুয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kRHdFW