একুশে তথাগতই বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী ‘মুখ’, জল্পনায় জল ঢাললেন কৈলাশ বিজয়বর্গীয়

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যপালের মেয়াদ শেষ হওয়ার পর বঙ্গ রাজনীতিতে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন তথাগত রায়। তারপর থেকেই জল্পনা চলছিল যে, তিনিই নাকি একুশে বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। কিন্তু শনিবার সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানালেন, কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে না ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে লড়াই করবে বিজেপি।

রবিবার সাংবাদিক বৈঠকে বিজয়বর্গীয় বলেন, “এখনও পর্যন্ত আমাদের যা সিদ্ধান্ত হয়েছে তা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমরা কাউকে তুলে ধরব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আমরা নির্বাচনে লড়াই করে জিতব। জয়ের পর পরিষদীয় দল ও কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হবেন তা ঠিক করবে।”

এদিনই বিকেলে কলকাতায় ফিরেছেন তথাগত রায়। বিমানবন্দরে তাঁকে এদিন কলকাতা বিমানবন্দরে ফুল-মালা দিয়ে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপির কয়েকশো নেতা-কর্মী। তাঁদের হাতে থাকা ফেস্টুন-প্ল্যাকার্ড-এ লেখা ছিল বঙ্গ রাজনীতিতে স্বাগত তথাগত রায়।

প্রসঙ্গত, তথাগত রায়ের রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০মে। কিন্তু করোনা পরিস্থিতিতে প্রায় আড়াই মাস মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন তিনি। শেষমেশ তাঁকে রাজ্যপাল পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। দিন কয়েক আগেই তথাগত ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, রাজভবন থেকে বেরিয়ে ফের রাজনীতিতে আসতে চান। ২০২১ নির্বাচনের আগে ফের রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় ভূমিকা নিতে চান। তথাগত রায় সরাসরি বাংলার রাজনীতিতে ফিরতে চাওয়ায় অনেকেই মনে করছেন, তিনি বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে নিজের দাবি প্রতিষ্ঠা করতে চাইছেন। তথাগত রায় নিজেও বলেছেন, একুশে দল তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে তাঁর কোনও আপত্তি নেই। যদিও রবিবার সেরকম কোনও ইঙ্গিত দিলেন না কৈলাশ বিজয়বর্গীয়।

তিনি সাফ জানিয়েছেন, “এখনও পর্যন্ত কারোর নাম ঠিক করা হয়েছে বলে আমার কাছে খবর নেই। বর্তমানে আমরা এই রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২২০ থেকে ২৩০টি জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আশা করছি লোকসভা ভোটের মতো এবারও আমরা লক্ষ্যপূরণ করতে পারব। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে সামনে রাখা না হলেও কোনও সমস্যা হবে না।”

The post একুশে তথাগতই বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী ‘মুখ’, জল্পনায় জল ঢাললেন কৈলাশ বিজয়বর্গীয় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32iT8Ea
Post a Comment (0)
Previous Post Next Post