অলিম্পিক জয়ের স্বপ্নে গতি আনবে এই সম্মান, অর্জুন পেয়ে জানালেন সাত্বিক

নয়াদিল্লি: শুক্রবার জাতীয় ক্রীড়া সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল দেশের ক্রীড়ামন্ত্রক। ২৭ জন অর্জুন প্রাপকের তালিকায় নাম রয়েছে দেশের দুই তরুণ শাটলার চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডির। কোভিড আবহে অর্জুন সম্মানে ভূষিত হওয়ার মধ্যে কোথাও যেন আশার আলো দেখছেন চিরাগ। পক্ষান্তরে এই সম্মান তাঁদের অলিম্পিকে পদক জয়ের স্বপ্নে গতি আনবে বলে মনে করছেন চিরাগের ডাবলস পার্টনার সাত্বিকসাইরাজ।

জাতীয় ক্রীড়া সম্মানের ইতিহাসে প্রথমবার ব্যাডমিন্টন সার্কিট থেকে ৬ জন পুরস্কৃত হচ্ছেন বিভিন্ন সম্মানে। চিরাগ-সাত্বিকের পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন দেশের প্যারা-ব্যাডমিন্টনের উত্থানে অগ্রণী ভূমিকা গ্রহণ করা কোচ গৌরব খান্না। এছাড়াও ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেন প্রদীপ গান্ধে, ত্রাপ্তি মুরগুন্দে এবং সত্যপ্রকাশ তিওয়ারি। অর্জুন পুরস্কারে ভূষিত হয়ে চিরাগ পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ ‘এই সম্মান পেয়ে কঠিন সময়েও আমি কোথাও একটা আশার আলো দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে আমাদের বড় আসরে মোটিভেট করবে। একইসঙ্গে আরও পরিশ্রম করতে এবং দেশের হয়ে আরও সম্মান আনতেও সাহায্য করবে এই সম্মান।’

চিরাগের সঙ্গে জুটি বেঁধে ২০১৯ সালটা দুর্দান্ত কেটেছে সাত্বিকসাইরাজের। থাইল্যান্ড ওপেনে অভিষেক সুপার ৫০০ টুর্নামেন্ট জয়, এরপর ফরাসি ওপেনের মতো সুপার ৭৫০ টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ। গতবছর তাঁদের ধারাবাহিক পারফরম্যান্স বিশ্ব র‍্যাংকিংয়ে এই জুটিকে প্রথম দশে নিয়ে আসে। পুরস্কার হিসেবে অর্জুন সম্মানে ভূষিত হয়ে মুম্বই শাটলার সাত্বিক জানাচ্ছেন, ‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত। একইসঙ্গে আমার কাছে এই সম্মান অতিরিক্ত স্পেশাল কারণ এটা আমার প্রথম পুরস্কার। অতিমারির কারণে আমাদের মোটিভেশন কোথাও গিয়ে ব্যাপক ধাক্কা খেয়েছিল। কিন্তু এই সম্মান অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে বাড়তি মোটিভেশন জোগাবে সন্দেহ নেই।’

একইসঙ্গে সাত্বিক জানিয়েছেন, গত মঙ্গলবারই এক সাংবাদিক মারফৎ প্রথম এই খবরটা জানতে পারেন। আর খবরটা জানার পর তাঁর কাছে অভিব্যক্তি প্রকাশ করার কোনও ভাষা ছিল না। উল্লেখ্য, আগামী ২৯ অগস্ট জাতীয় ক্রীড়া দিবসে জাতীয় ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে প্রতি বছরের ন্যায়। তবে অতিমারির কারণে চলতি বছর প্রথায় কিছুটা বদল হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেওয়ার পরিবর্তে গোটা অনুষ্ঠান আয়োজিত হবে ভার্চুয়াল মাধ্যমে।

The post অলিম্পিক জয়ের স্বপ্নে গতি আনবে এই সম্মান, অর্জুন পেয়ে জানালেন সাত্বিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FNjx5t
إرسال تعليق (0)
أحدث أقدم