স্টাফ রিপোর্টার,বোলপুর: পৌষ মেলা প্রাঙ্গণে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে রবীন্দ্রনাথ ঠাকুরকেই ‘বহিরাগত’ অ্যাখ্যা দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই মন্তব্যের জন্য উপাচার্যকে তীব্র কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বললেন, ”এই ধরনের কথা কোনও সুস্থ মানুষ বলতে পারে না। একমাত্র অসুস্থ এবং পাগলরাই এ কথা বলে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্য ছিল, ”গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বহিরাগত ছিলেন। তিনি যদি এই অঞ্চল পছন্দ না করতেন, বিশ্বভারতী এখানে বিকশিত হত না। এছাড়াও তাঁর সহকর্মীরা, যাঁরা বিশ্বভারতীকে জ্ঞান-সৃষ্টি এবং বিস্তারের কেন্দ্র হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করেছিলেন, তাঁরা সকলে বোলপুরের বাইরে থেকে এসে ছিলেন।” এই মন্তব্যের তীব্র নিন্দায় মুখর হন আশ্রমিক এবং শিক্ষামহলের বিশিষ্টরা।উপাচার্যের এই মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব নেটিজেনদের একাংশ।
এপ্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন,, এই মন্তব্যের মধ্যে দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বুঝিয়ে দিয়েছেন তাঁর উপাচার্য হওয়ার যোগ্যতা নেই। তিনি আরও বলেন, “এই কথা পশ্চিমবাংলা ভারত তথা বিদেশের মানুষ কীভাবে নেবে, তাই ভাবছি।”
পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে ঘিরে সোমবার যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল শান্তিনিকেতনে, তা নিয়ে এত দিন চুপ ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ঘটনার পাঁচ দিনের মাথায় বিবৃতি দিয়ে তিনি অভিযোগ করলেন, বিশ্বভারতীতে ভাঙচুরের নেপথ্যে ছিল রাজনৈতিক মদত।
মেলার মাঠ কেন পাঁচিল দিয়ে ঘেরা হল, সেই প্রশ্ন বারবার উঠেছে। সে বিষয়ে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কবিগুরু জীবদ্দশাতেই চিনা ভবনের চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা হয়। এছাড়াও বিশ্বভারতী বহু ক্ষেত্রে পাঁচিল ও বেড়া নির্মাণ করেছে নিরাপত্তার স্বার্থে। পুরনো পৌষমেলার মাঠ, আশ্রম মাঠ, শ্রীনিকেতন মাঠ, বিনয় ভবন প্রভৃতি বিশ্বভারতীর বহু এলাকা আগে পাঁচিল বা বেড়া দিয়ে ঘেরা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন কেউই তার প্রতিবাদ করেনি।”
যদিও উপাচার্যের দাবি মানতে নারাজ প্রাক্তনীদের একাংশ। তাঁদের দাবি, পাঁচিল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ আগেও হয়েছে। পাঁচিলের বিরুদ্ধে অতীতে মুখ খুলেছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেনও।
এদিকে এদিন, বীরভূমে যুব যোগদান অনুষ্ঠানে বীরভূমবাসীর কাছে ‘হাতজোড়’ করে আবেদন করলেন তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল। বললেন, “যদি কেউ ভুল করে থাকে, রাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করবেন। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। তাঁর মতো এত উন্নয়ন আর কোথাও কোনও রাজ্য হয়েছে?”
The post ‘অসুস্থ এবং পাগলরাই এ কথা বলে’, রবি ঠাকুরকে ‘বহিরাগত’ অ্যাখ্যায় উপাচার্যকে তোপ অনুব্রতর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34EoPL5