করোনার জেরে বাড়ছে নিগ্রহ-হিংসা, নিরাপদে নেই শিশুরাও: ইউনিসেফ

নয়াদিল্লি: করোনার জেরে লকডাউন। আর তার জেরে বাড়ছে পারিবারিক হিংসা, নিগ্রহ। ফলে শিশুরা এখন সুরক্ষিত নয়। ১৩৬টি দেশে চলে ইউনিসেফের গ্লোবাল সার্ভে। তার ফলে যে রিপোর্ট উঠে এসেছে, তার ফলাফল বেশ ভয়ঙ্কর। ইউনিসেফ জানাচ্ছে ১০৪ টি দেশেই শিশু সুরক্ষা শিকেয় উঠেছে।

ইউনিসেফের সোশিও ইকোনমিক ইমপ্যাক্ট সার্ভের ফলাফলে দেখা গিয়েছে দক্ষিণ এশিয়া, ইউরোপ, ও মধ্য এশিয়ায় শিশুদের নিগ্রহের হার সব থেকে বেশি। শিশু সুরক্ষা ব্যবস্থা চরম ক্ষতিগ্রস্থ হয়েছে করোনার জেরে। যে দেশগুলিতে শিশু সংক্রান্ত হিংসার হার বেশি, তার মধ্যে রয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, নাইজেরিয়া।

ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোর জানান লকডাউনের জেরে চরম ক্ষতি হয়েছে শিশু সুরক্ষা ব্যবস্থার। বহু শিশু হিংসার শিকার, নিগ্রহের শিকার। স্কুল বন্ধ, বাড়ির বাইরে যেতে পারছে না শিশুরা। বাড়ির বড়দের স্ট্রেস, দুর্ব্যবহার এসে পড়ছে শিশুদের ওপর। তারওপর লকডাউনের জেরে অত্যাচারিত শিশুদের কাছে পৌঁছতে পারছেন না প্রোটেকশন সার্ভিসের সমাজকর্মীরা। অবস্থা ভয়াবহ।

চাইল্ড ওয়েলফেয়ার সংস্থাগুলির কর্মীদের কাজ আপাতত বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে বিনা বাধায় অবারিতভাবে শিশু নিগ্রহের হার বাড়ছে। বাড়ছে নারী নিগ্রহের হারও। রিপোর্ট অনুযায়ী ২ থেকে ৪ বছরের শিশুদের ওপর গার্হস্থ্য হিংসার পরিমাণ বেড়েছে। ১৫ থেকে ১৯ বছরের কিশোর কিশোরীদের ওপর বেড়েছে শারীরিক নিগ্রহ।

ভারতও এই তালিকা থেকে বাদ নেই। ভারতে চাইল্ডলাইনের সঙ্গে শিশু নিরাপত্তা নিয়ে একযোগে কাজ করে ইউনিসেফ। চাইল্ড লাইন জানাচ্ছে, যেভাবে শিশু নিগ্রহ বাড়ছে, তাতে বড়সড় প্রভাব পড়বে দেশের শিশুদের ভবিষ্যতের ওপর। চাইল্ড লাইনের কাছে ২১ দিনে ৪.৬ লক্ষ ফোন এলেছে শিশু হিংসা নিয়ে। মার্চের ২০ থেকে এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত এই ফোন এসেছে। যার মধ্যে প্রায় ১০ হাজারটি ঘটনায় শিশুদের সরাসরি গিয়ে উদ্ধার করতে হয়েছে।

দেশের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকও ইউনিসেফের সঙ্গে কাজ করছে একযোগে। জানা গিয়েছে ইউনিসেফের উদ্যোগে ১৬ হাজার শিশুকে অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে কাউন্সেলিং করা সম্ভব হয়েছে। চাইল্ড লাইন ২ লক্ষেরও বেশি শিশুর কাছে পৌঁছতে পেরেছে এই করোনা লকডাউনের মধ্যে। কাউন্সেলিং চলেছে। কাজ হয়েছে শিশুদের মানসিক স্বাস্থ্য ও মানসিক-সামাজিক সহায়তা নিয়ে।

The post করোনার জেরে বাড়ছে নিগ্রহ-হিংসা, নিরাপদে নেই শিশুরাও: ইউনিসেফ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2E2FHQK
إرسال تعليق (0)
أحدث أقدم