নাকেই আটকে যাবে করোনার পথ, শীঘ্রই বাজারে আসছে IIT-র তৈরি জেল

নয়াদিল্লি: ভ্যাক্সিন যতদিন না আসছে, ততদিন পর্যন্ত করোনার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। তাই নিত্যনতুন অস্ত্র নিয়ে চলছে পরীক্ষা। এবার এমনই এক ওষুধ আনার চেষ্টা চলছে, যা নাকের মধ্যে লাগালে নিষ্ক্রিয় হবে করোনা। আইআইটি-র তৈরি এই বিশেষ জেল বাজারে আনার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি) এবং আইআইটি বোম্বের ডিপার্টমেন্ট অব বায়োসায়েন্সেস অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ের (ডিবিবি) যৌথ উদ্যোগে এই বিশেষ ন্যাজাল জেল তৈরির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই জেল ব্যবহারের বিশেষ পদ্ধতি রয়েছে। বাইরে বেরনোর আগে বিশেষ উপায়ে তৈরি ওই জেল নাকে লাগাতে হবে। করোনা জীবাণুকে নিষ্ক্রিয় করার কাজে তা সাহায্য করবে। ফলে কমবে গোষ্ঠী সংক্রমণের ঝুঁকিও। সরকারি সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আনা হতে পারে সেই জেল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রকের তত্ত্বাবধানেই এই জেল তৈরি হচ্ছে। পাশাপাশি করোনা মোকাবিলার লক্ষ্যে পোর্টেবেল স্ক্যানার ও স্যানিটাইজেশন চেম্বারের বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধিরও সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। জানা যাচ্ছে, এই পুরো কাজটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রকের আওতায় থাকা টেকনোলজি ইনফর্মেশন, ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিলের (টিআইএফএসি) মাধ্যমে।

আসলে নাক, মুখ, চোখ ও কান দিয়ে মূলত ভাইরাস শরীরে প্রবেশ করে। করোনা ভাইরাস শরীরে প্রবেশের একটি অন্যতম প্রধান মাধ্যম হল নাক। তাই এই জেল কার্যত স্যানিটাইজারের মতো কাজ করবে। নাকে এই জেল ব্যবহার করলে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকাংশেই প্রতিহত করা যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কোভিড মোকাবিলায় সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের জন্য এই ন্যাজাল জেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন মন্ত্রকের আধিকারিকেরা।

সরকারি সূত্রের খবর, উপসর্গহীন মানুষদের থেকেই করোনা সংক্রমণের ঝুঁকি সবথেকে বেশি। ন্যাজাল জেল তৈরির কর্মসূচি বাস্তবায়িত হলে নাক দিয়ে করোনা ছড়ানোর প্রবণতা অনেকাংশেই কমবে বলেই আশা করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রক জানিয়েছে, এই লক্ষ্যেই আইআইটি বোম্বের ডিপার্টমেন্ট অব বায়োসায়েন্সেস অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ের চার সদস্যের একটি টিম কাজ করছে।

The post নাকেই আটকে যাবে করোনার পথ, শীঘ্রই বাজারে আসছে IIT-র তৈরি জেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2E92UAO
إرسال تعليق (0)
أحدث أقدم