নয়াদিল্লি: করোনাকালে আশার আলো। গত তিনদিনের প্রতিদিন দেশে ৯০ হাজারের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যান নিয়ে বেশ আশাবাদী বিশেষজ্ঞদের একাংশ। তবে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। একদিনে দেশে করোনার বলি আরও ১০৫৩।
একদিকে প্রতিদিন দেশে হাজার-হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন, উল্টোদিকে অনেকে সুস্থও হচ্ছেন। গত তিনদিনের প্রতিদিন ৯০ হাজারের বশি মানুষ দেশে করোনামুক্ত হয়েছেন।
দেশে বেড়ে চলা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে সুস্থতার হারও বেড়ে চলায় স্বভাবতই খানিক স্বস্তি স্বাস্থ্য মন্ত্রকের। তবে গত ২৪ ঘণ্টায় দেশে আবারও করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১০৫৩ জনের।
সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫৫ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৪। প্রায় ৪৫ লক্ষ মানুষ ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন। এই মুহূর্তে গোটা দেশে করোনা অ্যাক্টিভ কেস ৯ লক্ষ ৭৫ হাজার ৮৬১টি। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ৯৩৫।

দেশের বেশ কয়েকটি রাজ্যে বেড়ে চলা সংক্রমণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। যা নিয়ে ঘোর উদ্বেগে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ সেপ্টেম্বর দেশের ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম দশা রাজ্য সরকারগুলির। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় একাধিক ব্যবস্থা নিলেও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না।
এই পরিস্থিতিতে আরও কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়েই আলোচনা করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবার ২৩ সেপ্টেম্বর ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই বৈঠক হবে।
The post শেষ ৩ দিনের প্রতিদিন সুস্থ ৯০ হাজারের বেশি, করোনাকালে আশার আলো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZVsCAs