প্রতীতি ঘোষ, বারাকপুর: আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে।কো-অপারেটিভ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরদের পক্ষ থেকে ওই ব্যাংকের চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা মিটিং ডাকা হয়েছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন না ব্যাংকের চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ অর্জুন সিং।
জানা গিয়েছে, বর্তমানে তিনি রাজ্যের বাইরে আছেন। তবে ব্যাংকের ১৫ জন বোর্ড অফ ডিরেক্টরদের পক্ষ থেকে আগেই অনাস্থার বিষয়ে অর্জুন সিংকে নোটিশ দেওয়া হয়েছিল। অনাস্থা মিটিংয়ে অর্জুন সিং ও তাঁর অনুগামী ৩ জন বোর্ড অফ ডিরেক্টরের সদস্য অনুপস্থিত ছিলেন।
ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকে বর্তমানে ১৫ জনের বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে অনাস্থার ভোটাভুটিতে উপস্থিত বোর্ড অফ ডিরেক্টরদের ১২ জন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভোট দিয়ে তাঁকে এই ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন।
প্রসঙ্গত , এই কো-অপারেটিভ ব্যাংকের আর্থিক দুর্নীতি নিয়ে বেশ কয়েক মাস ধরে সরগরম রয়েছে ভাটপাড়া এলাকা । এদিকে সাংসদ অর্জুন সিংকে এই কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এখনই এই ব্যাংকে নতুন কাউকে চেয়ারম্যান পদে বসানো হয়নি ।
অর্জুন সিংকে সরিয়ে দেওয়ার পর ওই ব্যাংকের বর্তমান বোর্ড অফ ডিরেক্টরদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা মকসুদ আলম বলেন, “অর্জুন সিং এই ব্যাংকের চেয়ারম্যান পদে থাকাকালীন বিভিন্ন সময়ে আর্থিক বেনিয়ম করে ছিলেন।’’
তিনি আরও বলেন, ‘‘তাঁকে বোর্ড অফ ডিরেক্টরদের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল৷ কিন্তু তিনি ও তাঁর অনুগামী ৩ জন বোর্ড অফ ডিরেক্টরদের সদস্য এদিন উপস্থিত ছিলেন না। আমরা ১২ জন সদস্য অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভোট দিয়ে তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছি।”
এদিকে সাংসদ অর্জুন সিং রাজ্যে না থাকায় এই ঘটনা সম্পর্কে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এই ব্যাংকের ১২ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে অর্জুন সিং ও তাঁর আত্মীয়ের বিরুদ্ধে।
বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সেই ঘটনার তদন্ত করছে। এর আগে এই ঘটনায় সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান ও চালিয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।
The post দুর্নীতির অভিযোগে কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অপসারিত অর্জুন সিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hR10T3