স্টাফ রিপোর্টার, বনগাঁ: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে রবিবার দুপুরে মিছিল করল বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা। পোড়ানো হল জেলা সভাপতির কুশপুতুল। ঘটনায় বেশ অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব।
এদিন দুপুরে বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বারাসত জেলা বিজেপি বাঁচাও কমিটি। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে শুরু হয়ে এদিন মিছিল যায় সবেতো তলার মোড় পর্যন্ত। সেখানেই জেলা সভাপতির কুশপুতুল দাহ করা হয়।
বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা এদিন প্ল্যাকার্ডে জেলা সভাপতির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেছেন। প্ল্যাকার্ডে কোথাও লেখা,”দিনে নারী রাতে মদ, বিক্রি হচ্ছে বারাসত জেলা বিজেপির পদ।” কোথাও আবার লেখা, “তৃণমূলের দালাল মাতাল শঙ্কর চট্টোপাধ্যায় দূর হটো।” কোথাও লেখা, “ধর্ষণকামী, নারীলোলুপ শঙ্কর চট্টোপাধ্যায়ের শাস্তি চাই। দীর্ঘদিন ধরেই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল বারাসত জেলা বিজেপির কর্মীদের অন্দরে। রবিবার তারই বহিঃপ্রকাশ ঘটল।
এই বিষয়ে বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর বলেন, “আমি একজন জনপ্রতিনিধি। আমার কাছে সবাই আসতে পারে। কিন্তু জেলা বিজেপির বিরুদ্ধে যা জানানোর, তা সাংগঠনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য আমি তাঁদের বলেছি। এ বিষয়ে আমি বলার কেউ নই। আমি সাংগঠনিক কোনও পদে নেই। আমি সংসদ নিয়েই ব্যস্ত আছি।”
যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, “এসব কারা করছে, কেন করছে আমার জানা নেই। সব মিথ্যা অভিযোগ। ওদের কোনও অভিযোগ থাকলে ওরা রাজ্য নেতাদের কাছে অভিযোগ করুক।”
The post ‘নারী-মদে বিক্রি হচ্ছে বিজেপির পদ’, জেলা সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lYBa2E