পৌষমেলার মাঠ পরিদর্শন করলেন হাইকোর্টের তৈরি চার সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার, বোলপুর: বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলাপ্রশাসন, দুপক্ষকেই আলোচনা করে পাঁচিল নিয়ে সমস্যা মেটাতে হবে। রবিবার পরিদর্শনের পর এমনই নির্দেশ দিল হাইকোর্টের তৈরি চার সদস্যের কমিটি।

দু-দিন আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে হাইকোর্ট।

রবিবার সকালে পৌষ মেলার মাঠে যান হাইকোর্টের তৈরি ওই কমিটির চার সদস্য। তাঁদের মধ্যে ছিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই যে দস্তুর ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সেখানে তাঁদের স্বাগত জানান ডিএম মৌমিতা গোদার ও এসপি শ্যাম সিং। ডিএম ও এসপির থেকে বিভিন্ন খোঁজ নেন ওই কমিটির সদস্যরা। এরপর তাঁরা দেখা করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে। সৌজন্য বিনিময় সেরে উপাচার্য, ডিএম, এসপি, বোলপুরের অ্যাডিশনাল এসপি শান্তিনিকেতন থানার ওসি-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

জানা গিয়েছে, ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিশ্বভারতীর মর্যাদা অক্ষুন্ন রেখে আপাতত বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আলাপ-আলোচনার মধ্যে দিয়ে যে কোনও সমস্যা মেটাবে। প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে পৌষমেলার মাঠে পাঁচিল নির্মাণের সিদ্ধান্ত ঘিরে নজিরবিহীন পরিস্থিতিতে উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্য নিজে দাঁড়িয়ে থেকে মেলার মাঠে পাঁচিল তোলার কাজ করালেও, স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের একাংশ পে-লোডার নিয়ে এসে সেই নির্মাণ ভেঙে দেন। এরপর রাজনীতির আঁচ আরও বেশি করে এসে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে।

পাঁচিল ভাঙায় স্থানীয় তৃণমূল বিধায়কের উসকানি ছিল বলে অভিযোগ। বিধায়ক ছাড়াও আরও কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাঁচিল তোলার সিদ্ধান্তের বিরোধিতা করে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হয় পড়ুয়াদের একাংশ। দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে তৈরি হয় নজিরবিহীন অচলাবস্থা। এই তাণ্ডবের পর সিবিআই তদন্তের দাবিতে সরব হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

The post পৌষমেলার মাঠ পরিদর্শন করলেন হাইকোর্টের তৈরি চার সদস্যের কমিটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35Tis75
Post a Comment (0)
Previous Post Next Post