মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে আপাতত অব্যাহতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে

স্টাফ রিপোর্টার, কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে আপাতত সরিয়ে দেওয়া হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তাঁর জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিক চন্দ্র মান্নাকে। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

কার্তিকবাবু বর্তমানে কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। কল্যাণময় গঙ্গোপাধ্যায় পুরোপুরি সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত কার্তিক চন্দ্র মান্নাকে আপাতত দু’টি দায়িত্বই সামলাতে হবে। যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সরকারিভাবে এখনও তাঁর কাছে এই নির্দেশ আসেনি।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনাকে জয় করে শনিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। গত মাসের শেষ সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

মাঝখানে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয় পর্ষদের সভাপতির। অবশেষে চলতি সপ্তাহেই পর্ষদ সভাপতি রিপোর্ট নেগেটিভ আসার পরেই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

তবে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন পর্ষদ সভাপতিকে চিকিৎসকরা। প্রসঙ্গত, গত মাসেই হার্টের কিছু সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করতে হয় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে।

তারপর অবশ্য পর্ষদ সভাপতিকে ছেড়ে দেওয়া হয়। তার কয়েক দিনের মধ্যেই করোনাতে আক্রান্ত হন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে আপাতত বাড়ির বদলে সল্টলেকের এক সরকারি আবাসনেই কিছুদিন বিশ্রাম নেবেন পর্ষদ সভাপতি।

এদিকে, পর্ষদের অনেকগুলি সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে। বিশেষ করে নতুন শিক্ষাবর্ষ ঘোষণা করা যাচ্ছে না পর্ষদ সভাপতির অসুস্থতার কারণে।বিশেষত মাধ্যমিকের কোন কোন বিষয়ে কোন কোন সিলেবাস কমানো দরকার উচ্চশিক্ষার কথা মাথায় রেখে কোন কোন অধ্যায়কে বাদ দেওয়া উচিত তা নিয়ে পর্ষদ সভাপতি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিলেবাস কমিটি। তাই কার্তিক মান্নাকে পর্ষদের সভাপতি করা হলো বলে সূত্র মারফত খবর।

The post মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে আপাতত অব্যাহতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mFXqyP
إرسال تعليق (0)
أحدث أقدم