নয়াদিল্লি: দেশে ফের লাফিয়ে বাড়ল করোনা। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮৬ হাজার ৮২১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১৮১ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৫। এরমধ্যে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৯ লক্ষ ৪০ হাজার। দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছে ৫২ লক্ষ ৭৩ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, এখন অবধি করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৭৮ জনের।
অন্যদিকে দেশকে স্বাভাবিক রাখতে মরিয়া রয়েছে কেন্দ্র সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে গাইডলাইন। আনলক ৫.০ পর্যায়ের জন্য এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে ১৫ই অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিভিন্ন সিনেমা হল ও এনটারটেনমেন্ট পার্ক। তবে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক থাকতে পারবেন বলে জানানো হয়েছে। পয়লা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত জারি থাকবে আনলক ৫.০।
এরই মধ্যে ভারতের করোনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস নিয়ে চিনের পাশাপাশি ভারতের দিকে আঙুল তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক সভায় জো বাইডেন ট্রাম্পের সামনে প্রশ্ন তুলেছিলেন মার্কিন মুলুকে ৭০ লক্ষ করোনা আক্রান্তের বিষয়ে। তখন জবাব দিতে গিয়ে তিনি মন্তব্য করেন, করোনা আক্রান্ত হয়ে কত জনের মৃত্যু হচ্ছে সেই প্রকৃত সংখ্যাটা ভারত, চিন, রাশিয়া কেউই ঠিকমত দিচ্ছে না। করোনা নিয়ে ভারত সম্পর্কে ট্রাম্পের এই অভিযোগে অস্বস্তি বেড়েছে মোদী সরকারের।
তবে বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মানুষ রয়েছেন আমেরিকায় । মৃতের সংখ্যাতেও শীর্ষে এই দেশ। কিন্তু ট্রাম্পের অভিযোগ করোনা নিয়ে নাকি সঠিক সংখ্যা দিচ্ছে না ভারত।
The post BREAKING: দেশে করোনায় মৃত্যু ৯৯ হাজার ছুঁইছুঁই, একদিনে আক্রান্ত ৮৬ হাজারের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HMOV55