শিল্পী বিকাশ ভট্টাচার্যের রেফারেন্স আর্টে তৈরি বরিষার ‘পরিযায়ী দুর্গা’, জানল ক’জন!

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : পুজো কতটা হবে, কতটা বাধ্য বাধকতা আসবে নাকি অবাধ হবে তা এখনও বিচারাধীন কিন্তু বরিষা ক্লাবের দুর্গা মূর্তির ছবি এই মুহূর্তে ভাইরাল। মুখ্যমন্ত্রী সেই ক্লাবের উদ্বোধন করেছেন শুক্রবারেই। কিন্তু এই ক্লাবের প্রতিমা তারপর থেকেই ভাইরাল নেট দুনিয়ায়। কিন্তু অনেকেই এখনও জানেন না এই দুর্গা মূর্তি আসলে শিল্পী বিকাশ ভট্টাচার্যের আঁকা এক ছবির আদলে তৈরি। মা কোলে ছেলে হুবহু এক। বাকি আবহে একটু এদিক ওদিক করেছেন শিল্পী।

এই মূর্তির স্রষ্টা কৃষ্ণনগর ঘূর্ণির ভাস্কর পল্লব ভৌমিক। থিম মেকার ও মূর্তিও গড়েছেন রিন্টু দাস। দেখা যাচ্ছে দেবী দুর্গা এখানে একজন পরিযায়ী শ্রমিক ও মা। লকডাউনের সময় এই চিত্র কতবার উঠে এসেছে খবরে। সমসাময়িক বিষয় ও রেফারেন্স আর্টের যুগলবন্দীতে বলা যায় অনবদ্য শিল্প সামনে এনেছেন শিল্পী। শিশুসন্তানকে কোলে নিয়ে পিছনে ফিরে দর্শকের দিকে তাকিয়ে রয়েছেন এবং তাঁর কপালের তৃতীয় নেত্রই বলে দিচ্ছে তিনি আসলে দেবী দুর্গা।

এবার বলা যাক কীভাবে বাংলার বিখ্যাত শিল্পী বিকাশ ভট্টাচার্জের সঙ্গে মিলছে বরিষার প্রতিমা। আশির দশকে সাধারন ভারতীয় মহিলাদের কপালে তৃতীয় নেত্র এঁকে তাঁদের দেবী রূপে কল্পনা করেছিলেন শিল্পী বিকাশ ভট্টাচার্য। এই সিরিজেরই একটি ছবির নাম হল “দর্পময়ী”। সন্তানকে কোলে নিয়ে বর্ডার সিকিউরিটির হাতে ধরা পড়ে যাওয়া এক মায়ের ছবি এঁকেছিলেন বিকাশ। সেই মায়ের কপালে তিনি দেখিয়েছিলেন তৃতীয় নেত্র। এই ছবিটি আঁকা হয় ১৯৮৯ সালে। একত্রিশ বছর আগে বিকাশ ভট্টাচার্যের আঁকা “দর্পময়ী” ছবিটিই হল ভাস্কর পল্লব ও রিন্টুর তৈরি মূর্তির মূল রেফারেন্স। এর সঙ্গে অবিশ্যি তারা আরও কিছু এলিমেন্ট যোগ করে দিয়েছেন যা মূল ছবিতে ছিল না, আবার কনটেক্সট পরিবর্তিত হওয়ার কারনে বর্ডারের বন্দুকধারী সৈন্যের ইমেজ বাদ গিয়েছে।

শিল্পী দেবরাজ গোস্বামী এই রেফারেন্স আর্ট নিয়ে তাঁর সোশ্যাল মাধ্যমে লিখেছেন , ‘ভিস্যুয়াল রিইন্টারপ্রেটেশান এই সময়ের শিল্পীদের একটি প্রিয় প্র্যাকটিস। অন্য শিল্পীর আঁকা ছবি বা মূর্তি থেকে রেফারেন্স নিয়ে তার কনটেক্সট এমন কি কনসেপ্ট পরিবর্তন করে নতুন করে শিল্পসৃজন করাটা একটা স্বতন্ত্র শিল্পভাষা বলেই গন্য করা হয়। সাহিত্যে এই রেফারেন্স নেওয়া এবং কোটেশন ব্যবহার করবার ব্যাপারটা বহুকাল ধরেই প্রচলিত থাকলেও শিল্পসৃজনের ক্ষেত্রে বিষয়টা তেমন জনপ্রিয় ছিল না। বিশেষ করে শিল্পী যেখানে তাঁর রেফারেন্সের সোর্স গোপন রাখতে চান না বরং সেই সোর্স রেফারেন্সকে তাঁর বর্তমান সৃষ্টির একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে তুলে ধরতে চান। এই সময়ের বহু গুরুত্বপূর্ণ শিল্পীর ছবিতেই এই বিষয়টা লক্ষ্য করা যায়।’

আবার সেট ডিজাইনার পিয়ালী সাধুখাঁর মতে , ‘অবশ্যই রেফারেন্সের উল্লেখ না করা অত্যন্ত নিন্দনীয় কিন্তু পুজোর কাজে এটা হয়েই থাকে।’

তথ্যসূত্র – শিল্পী দেবরাজ গোস্বামী

The post শিল্পী বিকাশ ভট্টাচার্যের রেফারেন্স আর্টে তৈরি বরিষার ‘পরিযায়ী দুর্গা’, জানল ক’জন! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3k7zd2G
إرسال تعليق (0)
أحدث أقدم