মাদ্রিদ: শুরু হল করোনার সেকেন্ড ওয়েভ। স্পেনে ফের ছড়িয়ে পড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে রবিবার দেশে জরুরি অবস্থা জারি করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। জোন ভিত্তিক জরুরি অবস্থা জারি করা হয়েছে নতুন করে করোনার মোকাবিলায়।
এরই সাথে জারি করা হয়েছে নাইট কার্ফু। এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একসঙ্গে ছয়ের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী সানচেজ। তিনি বলেন দেশের পরিস্থিতি উদ্বেগজনক। তাই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার স্পেনের ক্যাটালোনিয়ায় প্রথম জরুরি অবস্থা জারি করা হয়। রাত ১০টা থেকে কার্ফু জারি করা হবে বলে জানানো হয়। এই পরিস্থিতি বিচার করে স্পেনের সব অফিস ও দোকান রাত ৯টার মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
শুরু করা হয়েছে পুলিশ পেট্রলিং। তবে স্পেনের সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ক্যাটালোনিয়া ছাড়া ধীরে ধীরে স্পেনের বাকি অংশেও জরুরি অবস্থা জারি করা হবে। শুধু স্পেন নয়, বেশ কয়েকটি ইউরোপীয় দেশেই করোনার সেকেন্ড ওয়েভ লক্ষ্য করা গিয়েছে। গ্রীষ্মকালে লকডাউন তুলে কার্ফু শিথিল করার প্রেক্ষিতেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। পশ্চিম ইউরোপে সবচেয়ে বেশি মাত্রায় সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে।
নতুন করে ফের রেকর্ড গড়েছে ফ্রান্স। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১০ জন। সরকারি পরিসংখ্যান জানাচ্ছে প্রথম ধাক্কার পর নতুন করে এই প্রথম দৈনিক সংক্রমণ ৫০ হাজারের গণ্ডি ছাড়াল।
দ্য পাবলিক হেলথ ফ্রান্স (এসপিএফ) কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৬ জনের। ফ্রান্সে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪,৭৬১।
এমনকি এখন অবধি মোট ১ মিলিয়নের বেশি কোভিড আক্রান্তের সংখ্যা পার করে ফেলেছে ফ্রান্স। এই মুহূর্তে ফ্রান্স মুলুকে ১০০ জনের টেস্ট করা হলে ১৭ জনের দেহেই মিলছে ভাইরাস। যা কিনা সেপ্টেম্বরের শুরুতে ছিল মাত্র ৪.৫ শতাংশ।
The post নতুন করে সংক্রমণ শুরু, জরুরি অবস্থার ঘোষণা এই দেশে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34sQzBw