অমৃতসর: কৃষি আইনের প্রতিবাদে পঞ্জাবের অমৃতসরে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির ‘রেল রোকো’ অভিযান ১২ দিনে পড়ল। কেন্দ্রের সংশোধিত নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের কাছে তাঁদের প্রশ্ন, ‘কৃষি বিল নিয়ে যদি আন্দোলন করতেই হত তবে সংসদে কেন করলেন না?’।
কৃষি আইনের প্রতিবাদে বিজেপি বিরোধী দলগুলির আন্দোলন নিয়ে এবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতারা। একটানা ১২ দিন ধরে অমৃতসরে ‘রেল রোকো’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই কমিটি। কৃষি আইন বাতিলের দাবিতে সরব আন্দোলনকারীরা। কেন্দ্রের সংশোধিত নয়া কৃষি আইনের জেরে কৃষকরা সর্বসান্ত হবেন বলে আশঙ্কা আন্দোলনকারীদের। কৃষক স্বার্থেই এই আইন বাতিলের দাবি তুলেছেন তাঁরা।
কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে সরব কংগ্রেস। মোদী সরকারকে কাঠগড়ায় তুলে কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপি বিরোধী একাধিক দল কৃষি আইনের প্রতিবাদে সুর চড়াচ্ছে।

তবে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতারা বিরোধীদের সেই আন্দোলন নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন। অমৃতসরে কৃষি আইনের প্রতিবাদে একটানা ১২ দিন ধরে ‘রেল রোকো’ অভিযান চালিয়ে যাচ্ছে এই সংগঠন। সংবাদসংস্থা এএনআইকে কমিটির এক নেতা সোমবার বলেন, ‘‘রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করে চলেছে। কৃষি বিলের প্রতিবাদে কিছু করার হলে সংসদেই তা করা উচিত ছিল বিরোধী রাজনৈতিক দলগুলির।’’
এদিকে, কৃষি আইন নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবারই পঞ্জাবের মোকায় কৃষকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ফিরলে নয়া কৃষি আইন বাতিল করা হবে।
ওই অনুষ্ঠানে মোদী সরকারকে নিশানা করে রাহুল বলেন, ‘‘কেন্দ্রে ফের আমাদের সরকার দায়িত্বে এলে কৃষি আইন বাতিল করা হবে।’’ একইসঙ্গে সংসদে কৃষি বিল নিয়ে কোনও আলোচনা ছাড়াই কেন্দ্রীয় সরকার গায়ের জোরে পাশ করিয়েছে বলে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।
The post সংসদেই কেন রোখা গেল না কৃষি বিল, রাজনৈতিক দলগুলিকে প্রশ্ন কৃষক-নেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iwBNOf