ইসলামাবাদ: পাকিস্তান সরকার ফের ইরানের উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করল। পাক বিদেশ মন্ত্রণালয় মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরি বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের জানিয়েছেন , ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম চালুর মার্কিন প্রচেষ্টার বিরোধী পাকিস্তান সরকার।
তিনি এই বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করার জন্য পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন।ইরানের আন্তর্জাতিক পরমাণু সমঝোতার প্রতি ইসলামাবাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে জাহিদ হাফিজ জানিয়েছেন, নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগে কোনও ফল পাওয়া যায় না; এর পরিবর্তে বরং ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে হবে।
২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করলেও ২০১৮ সালের মে মাসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তার দেশকে এই সমঝোতা থেকে বের করে নিয়ে চলে যান।
এদিকে এখন ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে। এরমধ্যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার চেষ্টা করে ওয়াশিংটন।
তা চালু করা সম্ভব হলে ইরানের উপর রাষ্ট্রসংঘের সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল করা হবে। কিন্তু আমেরিকার এই আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিরোধিতা করেছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশসহ বিশ্বের প্রায় সব দেশ।
The post ইরান ইস্যুতে আমেরিকার বিরোধিতায় পাকিস্তান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31dOfwh