সীমান্তে উত্তাপ, সেনা কমান্ডারদের সম্মেলনে বিশেষ বার্তা দিতে পারেন রাজনাথ

নয়াদিল্লি : সীমান্তে চিনের দখলদারি একাধিকবার রুখে দিয়েছে ভারতীয় সেনা। তবে তাতেও শিক্ষা হয়নি বেজিংয়ের। অন্যদিকে সীমান্তে উত্তাপ বাড়িয়ে রেখেছে পাকিস্তানও। সব মিলিয়ে কাশ্মীর থেকে গুজরাত ও অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমান্তে বেশ টানাপোড়েন বজায় রয়েছে। এই পরিস্থিতিতে বসেছে ভারতীয় সেনা কমান্ডারদের সম্মেলন।

সম্মেলন বক্তব্য রাখতে পারেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বিশেষ বার্তা দিতে পারেন কমান্ডারদের। দেশের সীমান্ত সুরক্ষা, সেনাবাহিনীর আধুনিকীকরণ, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার মত একাধিক বিষয় উঠে আসতে পারে তাঁর বক্তব্যে। চারদিনের সেনা কমান্ডার সম্মেলন শুরু হয়েছে ২৬শে অক্টোবর থেকে। এই সম্মেলনের দায়িত্বে রয়েছে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।

এরই মধ্যে, সীমান্তে নয়া স্ট্র্যাটেজি নিতে চলেছে ভারত। জানানো হয়েছে ২০২২ সালের মধ্যে তৈরি করা হবে ৫টি মিলিটারি থিয়েটার কমান্ড। এর মাধ্যমে ভারতীয় সেনায় আসবে বড়সড় রদবদল। জানা গিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএসের নেতৃত্বাধীন থাকবে এই পাঁচটি মিলিটারি থিয়েটার।

সীমান্তে ক্রমশ উত্তাপ বাড়াচ্ছে প্রতিবেশি চিন ও পাকিস্তান। এদের মোকাবিলা করতে শুধু সীমান্ত প্রহরায় জোর দেওয়া নয়, চাই আরও বেশি কিছু। সেই দিকে নজর রেখেই তৈরি করা হচ্ছে মিলিটারি থিয়েটার কমান্ড। ২০২২ সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। চিন ও পাকিস্তানের জন্য এই পাঁচটির মধ্যে থেকে নির্দিষ্ট করা হবে কমান্ড। অর্থাৎ এই দুই দেশের জন্য নির্দিষ্ট একটি করে কমান্ড থাকবে।

এদিকে, গালওয়ান ভ্যালি সংঘর্ষের পর থেকে ভারত চিন সীমান্ত সংঘাত যেভাবে বেড়েছে, তা নজিরবিহীন। খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন গত বেশ কয়েক দশকে এরকম উত্তপ্ত সীমান্ত দেখা যায়নি। সেই প্রেক্ষিতকে মাথায় রেখেই ভারত চিন সীমান্তে নতুন করে ৪৭টি বর্ডার আউটপোস্ট বানাচ্ছে আইটিবিপি।

জানা গিয়েছে বুধবার অর্থাৎ ২৮শে অক্টোবর সেনা কমান্ডারদের সামনে সীমান্ত লাগোয়া সড়াক নির্মাণ নিয়ে বক্তব্য রাখবেন ডিরেক্টর জেনারেল অফ বর্ডার রোডস বা ডিজিবিআর। উল্লেখ্য ১২ই অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রী ৪৪টি গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করেন। যার মধ্যে পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বের সীমান্তবর্তী রাজ্যগুলি রয়েছে। জম্মু কাশ্মীরে ১০টি, লাদাখে ৮টি, হিমাচল প্রদেশে ২টি, পঞ্জাবে ৪টি, উত্তরাখণ্ডে ৮টি, অরুণাচল প্রদেশে ৮টি, সিকিমে ৪টি ব্রিজ তৈরি করা হয়েছে।

লাদাখে আটটি ব্রিজের ৩টি তৈরি হয়েছে জোজিলা-কার্গল-লেহ রোডের ওপর। দুটি তৈরি হয়েছে খালসার-সাসোমা রোডের ওপর, একটি করে তৈরি হয়েছে সাংকো-কুনোরে-সাপিলা-মুলবেক রোড, নিম্মু-পদম-দরচা রোড ও দরবক-শায়ক-দৌলত বেগ ওল্ডি রোডের ওপর। প্রতিটি ব্রিজই ২৪ থেকে ৮০ মিটার লম্বা। মোট ৪৫ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই ৮টি ব্রিজ।

The post সীমান্তে উত্তাপ, সেনা কমান্ডারদের সম্মেলনে বিশেষ বার্তা দিতে পারেন রাজনাথ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ovs7aO
إرسال تعليق (0)
أحدث أقدم