স্টাফ রিপোর্টার , হাওড়া : বাগনানের সভা থেকে স্থানীয় বিধায়ককে পরোক্ষভাবে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। বাগনানের মঞ্চে বক্তব্য রাখতে উঠে সায়ন্তন বলেন,”এখানে অনেক রাজা গজা ঘুরে বেড়ায়। আমরা অনেক রাজা আর গজাকে এর আগে টাইট দিয়েছি।” এরপরেই সায়ন্তন বসু হুমকির সুরে বলেন,”আপনারা অনেকেই মাঝেমধ্যে খবর পান উত্তরপ্রদেশে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। কথা দিচ্ছি আমরা যদি ক্ষমতায় আসি এখানকার অনেক রাজা আর গজাকে বিকাশ দুবে করে ছেড়ে দেব।”
তিনি আরও বলেন,”উত্তরপ্রদেশে গুন্ডা-মস্তানদের পকেটে পুরে রাখে বিজেপি। উত্তরপ্রদেশে গুন্ডারা এখন জেল থেকে বের হতে ভয় পায়। তারা জেল থেকে বের হতে চায় না। যদি আবার গাড়ি এক্সিডেন্ট হয়!”
উল্লেখ্য, বাগনানের বিধায়ক অরুণাভ সেন স্থানীয় এলাকায় রাজা নামেই পরিচিত। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গ্যাংস্টার হিসাবেই পরিচিত ছিল বিকাশ দুবে। গত জুলাই মাসে পুলিশের এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যু হয়। সায়ন্তন বসুর মন্তব্য প্রসঙ্গে বাগনানের বিধায়ক অরুণাভ সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সায়ন্তন বাবুকে গোটা বাংলার লোক জোকার বলে জানে। তাই জোকারের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন অনুভব করিনা। ফলে ওনার কথার কোনো উত্তর আমি দেব না।”
উল্লেখ্য, বাগনানে বিজেপি নেতা কিঙ্কর মাঝির মৃত্যুকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ও বাগনান বন্ধের দিন গ্রেফতার হওয়া বিজেপি নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে এদিন বাগনান থানার সামনে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, মাফুজা খাতুন, বিজেপির রাজ্যনেতা সায়ন্তন বসু, শঙ্কুদেব পান্ডা সহ রাজ্য ও জেলার একাধিক নেতানেত্রী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক। বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে বাগনান শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। প্রচুর পরিমাণ পুলিশ, র্যাফ, সিভিক ভলান্টিয়ার মোতায়েন রাখার পাশাপাশি বাগনান থানায় প্রস্তুত রাখা হয়েছিল জলকামান। ড্রোনের মাধ্যমেও এদিন নজরদারি চালানো হয়। যদিও এদিন কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত ১০ জুলাই কানপুরে এনকাউন্টারে মৃত্যু হয় উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবের। কানপুর নিয়ে যাওয়ার পথে পালানোর চেষ্টা করে বিকাশ। তখনই উত্তরপ্রদেশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের গুলিতে মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছিল, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করার পর বিকাশকে নিয়ে আসা হচ্ছিল কানপুরে। ওইদিন সকালে তিনটি পুলিশের গাড়ির মধ্যে একটি হাইওয়ের উপর দুর্ঘটনায় উলটে যায়। সূত্রের দাবি ছিল, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তাতেই ছিল বিকাশ। দুর্ঘটনার পর সে পালানোর চেষ্টা করলে এনকাউন্টার শুরু হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।
উত্তরপ্রদেশের ৮ পুলিশকর্মীকে খুনের দায়ে অভিযুক্ত ওয়ান্টেড গ্যাংস্টার বিকাশ দুবেকে প্রায় সাতদিন ধরে তাড়া করে বেড়ানোর পর এনকাউন্টারের ঘটনার আগের দিন গ্রেফতার করেছিল পুলিশ। মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে তাকে গ্রেফতার করা হয়। তারপর বিকাশের পালানোর চেষ্টা এবং এনকাউন্টার। তার আগে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল বিকাশের ঘনিষ্ঠতম সহযোগী অমর দুবেরও।
The post ক্ষমতায় এলে তৃণমূল বিধায়ককে ‘বিকাশ দুবে’র মতো এনকাউন্টারের হুমকি সায়ন্তনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/364Ch9N