মুম্বই: আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া সাংবাদিক অর্ণব গোস্বামীর আবেদন শুনবে বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার এই শুনানি রয়েছে। বুধবার সকালেই দু’বছরের পুরনো মামলায় গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। আর সেই মামলায় দু’সপ্তাহের জেল হেফাজত দেওয়া হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে অর্ণবের জামিনের আবেদনের শুনানি রয়েছে। এদিকে, বুধবার সন্ধেয় ফের তাঁর বিরুদ্ধে অন্য একটি অভিযোগে জারি হয় এফআইআর।
এনএম যোশী মার্গ থানায় এই এফআইআর দায়ের হয়েছে। এদিন সকালেই এক মহিলা পুলিশ অফিসার যান অর্ণব গোস্বামীর বাড়িতে। তখন তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ। অর্নবের বিরুদ্ধে ৩৫৩, ৫০৪, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় মামলা হয়েছে।
অর্ণবকে গ্রেফতার করার ঘটনায় বক্তব্য রাখতে গিয়ে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেড়কর জানান, “আমরা মহারাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হামলার নিন্দা করি। এটা সংবাদমাধ্যমের সঙ্গে এমন আচরণ করা যায় না। এই ঘটনা আমাদের জরুরি অবস্থার সময় সংবাদমাধ্যমের সঙ্গে হওয়া আচরণকে মনে করিয়ে দেয়।”
গ্রেফতার করার পর সংবাদ সংস্থা এএনআই-এর তরফে একটি ভিডিও সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পুলিশের দল অর্ণব গোস্বামীকে একটি পুলিশ ভ্যানে তুলেছে। ভিডিওতে দেখা গিয়েছে, রীতিমতো ধ্বস্তাধস্তি ও ধাক্কাধাক্কি করে পুলিশ ভ্যানে তোলা হয়।
গ্রেফতারের সময় অর্ণবকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের ভ্যানে যেতে যেতে সাংবাদিকদের সামনে চিৎকার করতে থাকেন অর্ণব। ‘পুলিশ আমায় মেরেছে’, চিৎকার করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ।
অর্ণব গ্রেফতারি ইস্যুতে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, ‘‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা জরুরি অবস্থার সময় মনে করিয়ে দিচ্ছে।’’ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও অর্ণব গোস্বামী গ্রেফতার হওয়ার ঘটনায় মুখ খুলেছেন।
জেপি নাড্ডা বলেন, ‘‘রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে যেভাবে গ্রেফতার করা হল, তাতে কংগ্রেস পার্টি এবং মহারাষ্ট্র সরকারের মানসিকতা বোঝা গিয়েছে। এটি গণতন্ত্র এবং সাংবাদিকতার নীতিগুলির জন্য একটি বড় ধাক্কা। আমি এই ঘটনার নিন্দা করি।’’
The post গ্রেফতারির বিরুদ্ধে অর্ণব গোস্বামীর আবেদন, আজ শুনানি বম্বে হাইকোর্টে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38dGr1S