স্টাফ রিপোর্টার, তমলুক: নন্দীগ্রামে ‘শহিদ দিবস’কে কেন্দ্র করে মঙ্গলবার একই দিনে জোড়া সমাবেশ তৃণমূলের। একটি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে, যাঁর নেতৃত্বে থাকছেন শুভেন্দু অধিকারী। অন্যটি তৃণমূল কংগ্রেসের ব্যানারে। সেখানেও ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু সহ রাজ্যস্তরের একাধিক নেতার উপস্থিত থাকার কথা।
এই কর্মসূচিতে শুভেন্দুকে দেখা যাবে না বলেই তৃণমূল সূত্রে খবর। ফলে এ দিন ওই জোড়া কর্মসূচিকে ঘিরে সরগরম হয়ে উঠতে চলেছে রাজ্য-রাজনীতি। প্রতিবছরই ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস পালন করা হয়ে থাকে। তাতে দুটি সভা করে শাসক দল। একটি ভুমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আরেকটি তৃণমূল কংগ্রেসের ব্যানারে। এবারও সেই দিনটিতে সভা হবে নন্দীগ্রামে। তবে তৃণমূলের সমান্তরাল কর্মসূচি রয়েছে এদিন।
গত কয়েকদিন ধরে নন্দীগ্রামে গোকুলনগর হাইস্কুল প্রাঙ্গণে কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে শুভেন্দু অধিকারীর ডাকে সমাবেশের প্রস্তুতি চলছে। সোমবার তৃণমূলের রাজ্য নেতৃত্ব নন্দীগ্রামে পৃথক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুরে ওই বার্তা এসে পৌঁছনোর পরই যুদ্ধকালীন তৎপরতায় হাজরাকাটায় মঞ্চ বাঁধা শুরু হয়।
এ দিনই নন্দীগ্রামে প্রায় গোটা দিন ধরে একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। শিকল সাড়ে ১০টা নাগাদ গোকুলনগরের করপল্লিতে শহিদবেদীতে মালা দেবেন তিনি। সেখান থেকে সোজা যোগ দেবেন তেখালির জনসভায়। এর পর বিকেল ৪টে নাগাদ চৌরঙ্গি বাজারে একটি স্মরণসভাতেও যোগ দেবেন তিনি। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ‘শহিদ’ পরিবারগুলির সদস্যদেরও।
সম্প্রতি তৃণমূলের প্রতীক ছাড়াই একের পর এক সভা করতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। তৃণমূলের ব্যানার ছাড়াই শহীদ দিবসে নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। তার এলাহি আয়োজন করা হয়ে গিয়েছে। শুভেন্দু অনুগামীরা তোরজোর করেছে।
এদিকে, এদিন হাজরাকাটায় ‘শহিদ দিবস’ পালন করতে চলেছে তৃণমূল। এর নেতৃত্বে রয়েছেন নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতা শেখ সুফিয়ান। ওই অনুষ্ঠানের মূল বক্তা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু। উপস্থিত থাকার কথা পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরির।
ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারীও। নন্দীগ্রামের হাজরাকাটায় আগামিকাল বিকেল ৪টেয় এই সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, কদিন আগেই প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর সমালোচনা করেছিলেন শেখ সুফিয়ান, অখিল গিরি এবং ফিরহাদ হাকিম।
এদিন তাদের পৃথক সমাবেশে তৃণমূলের অন্দরের কোন্দল আরও প্রকট হল। শহীদ দিবসে শুভেন্দুর আলাদা সমাবেশ নিয়ে ফিরহাদ বলেছেন, শুভেন্দুর ব্যাপার জানি না। দল নজর রাখছে। তিনি দাবি করেন, নন্দীগ্রাম তৃণমূলে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন।
তাই তৃণমূল সভা করবে। তৃণমূলই বিষয়টি দেখবে। এব্যাপারে শুভেন্দুবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি ফিরহাদ হাকিমের কথার কোনও প্রতিক্রিয়া দেব না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন তো উত্তর দেব।
The post আজ নন্দীগ্রামে শুভেন্দুর শহীদ স্মরণ, পাল্টা সভা তৃণমূলের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36ppxuC