বারাসত: বিধানসভা ভোট যতই এগোচ্ছে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ ততই চড়ছে। করোনাকালে একের পর এক সভা-সমাবেশে শাসক-বিরোধী রাজনৈতিক আক্রমণ-প্রতি আক্রমণ চলছেই। বারাসতের চা চক্রের অনুষ্ঠানে যোগ দিয়ে এবার রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘‘জ্যোতিপ্রিয় মল্লিক আগামী বিধানসভা ভোটে যে কেন্দ্র থেকে দাঁড়াবেন সেখানেই ওঁকে হারাব। জনগণ আর ওঁকে চান না।’’
বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকও। দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ শানিয়ে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘ওঁদের সাংগঠনিক শক্তিই নেই। আমাদের হারানোর কথা বলছেন। দিলীপ ঘোষ পাগলের মতো কথা বলছেন।’’

একুশের বিধানসভা ভোট যতই এগোচ্ছে রাজনৈতিক দলগুলিও নিজেদের সংগঠন মজবুত করতে কোমরবেঁধে মাঠে নেমেছে। একদিকে শাসকদল তৃণমূল সাংগঠনিক ফাঁক-ফোকর মেরামত করে নতুন করে ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে। উল্টোদিকে রাজ্য দখলে এবার মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির।
একের পর এক সভা-সমাবেশে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন বিজেপির সাংসদ-নেতারা। দিল্লি থেকেও রাজ্যে ছুটে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে প্রচারে শান দিচ্ছে পদ্ম শিবির। থেমে নেই বাম-কংগ্রেসও। নিজেদের মতো করে কর্মসূচি সাজিয়ে জনসমর্থন ফিরে পাওয়ার চেষ্টায় দুই দল।
The post ‘যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাব’, জ্যোতিপ্রিয়কে চ্যালেঞ্জ দিলীপের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38MeeQc