কলকাতা: বিহারে জয়। নীতিশ মুখ্যমন্ত্রী হলেও সংখ্যার বিচারে এগিয়ে বিজেপি। এবার তাই টার্গেট বাংলা। গত লোকসভা নির্বাচনে প্রথমবার বাংলায় অভূতপূর্ব ভালো ফল করতে দেখা যায় বিজেপিকে। এবার বিধানসভা নির্বাচনে বাজিমাৎ করতে উঠে পড়ে লেগেছে বিজেপি।
ইতিমধ্যেই ঘুরে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বেসর্বা অমিত শাহ। বার্তা দিয়ে গিয়েছেন মমতা সরকারকে। কিন্তু আসন্ন নির্বাচনে দায়িত্ব কে পাবে? নির্বাচনকে সামনে রেখেই বড়সড় রদবদল বিজেপিতে।
এতদিন পর্যবেক্ষক হিসেবে বাংলার দায়িত্ব সামলেছেন কৈলাশ বিজয়বর্গী। এখনও তাঁর উপরেই আস্থা রাখছে বিজেপি নেতৃত্ব। পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন তিনিই। তবে এবার তাঁর সহযোগী হিসেবে বাংলায় কাজ করবেন বিজেপির আইটি সেলের চিফ অমিত মালব্য। মমতার হাত থেকে বাংলা কাড়তে কোনও ফাঁকই রাখতে চায় না বিজেপি।
বিহারের দায়িত্ব দেওয়া হচ্ছে ভূপেন্দ্র যাদবকে। সদ্য সেখানে ভালো ফল করেছে বিজেপি। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেও বিজেপির হাতেই ক্ষমতা থাকবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ভূপেন্দ্র যাদবই দেখবেন গুজরাত।
অন্যদিকে, আমিত শাহের কাছের মানুষ হিসেবে পরিচিত মুরলিধর রাওকে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের দায়িত্ব।
রাম মাধবের হাত থেকে সব দায়িত্বই সরিয়ে নিল বিজেপি। তিনি এতদিন জম্মু ও কাশ্মীর ও মণিপুরের দায়িত্বে ছিলেন। বদলে মণিপুরের দায়িত্ব দেওয়া হল বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্রকে।
আগামী বছর ভোট আছে আরও এক রাজ্যে, অসম। আর সেখানে, গুরুদায়িত্ব পেলেন বিজয়ন্ত জয় পান্ডা। টিম অমিত শাহের আরও দুই সদস্য অনিল জৈন ও সরোজ পান্ডেকেও কোনও দায়িত্ব দেওয়া হয়নি।
সম্প্রতি বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে এখন রাষ্ট্রপতি শাসন দরকার নেই। তাঁর বক্তব্য, ”৩৫৬ ধারা জারির আর দরকার হবে না, ততদিনে সরকারই বদলে যাবে।”
বিধানসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় বঙ্গ বিজেপি। এমনকি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে সম্প্রতি রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। তবে, রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্যপাল হিসেবে মতামত দিতে পারি না। সংবিধানে এ নিয়ে উল্লেখ রয়েছে’’।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির রিপোর্ট দিতে দিল্লি গিয়ে তিনি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেই মত দিয়েছেন বলে খবর। এরপরই অমিত শাহের দু’দিনের বাংলা সফরে অবধারিতভাবে উঠল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির প্রশ্ন।
The post টার্গেট বিধানসভা! বাংলা সামলাতে এবার বিজেপির আইটি সেলের চিফ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3npn0HW