দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ আসনে ভোট, জেলায়-জেলায় প্রস্তুতি তুঙ্গে

কলকাতা: বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার রাজ্যের ৩০ আসনে হবে ভোটগ্রহণ। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে ৯টি বিধানসভা কেন্দ্র। বাঁকুড়ার ৮টি কেন্দ্রে কাল বিধানসভা ভোট। এরই পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ৯টি ও দক্ষিণ ২৪ পরগনার ৪টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোটগ্রহণ পর্ব চলবে। জেলায়-জেলায় ভোট প্রস্তুতি তুঙ্গে। ইভিএম নিয়ে বুথে-বুথে ভোটকর্মীরা। দ্বিতীয় দফার ভোটেও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন। বুথে-বুথে পর্যাপ্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন রাখা হচ্ছে। হিংসা এড়িয়ে সুষ্ঠু ভোট পরিচালনায় এবার কার্যত ফ্রি-হ্যান্ড দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, চণ্ডীপুরে হবে ভোটগ্রহণ। জেলায় দ্বিতীয় দফার ভোট প্রস্তুতি তুঙ্গে। বুধবার সকাল থেকে নির্দিষ্ট কেন্দ্রগুলি থেকে ভোটকর্মীদের ইভিএম-সহ যাবতীয় সরঞ্জাম বিলির কাজ চলছে। ভোটের সরঞ্জাম নিয়ে নির্ধারিত কেন্দ্রে যাচ্ছেন ভোটকর্মীরা। জেলার ন’টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে। করোনার সংক্রমণ এড়াতে আজ প্রতিটি বুথে স্যানিটাইজেশনের কাজ চলছে।

এরই পাশাপাশি আগামিকাল বাঁকুড়ার আটটি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে আগামিকাল বিধানসভা নির্বাচন হবে। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে জেলার ১২টি কেন্দ্রেই এগিয়ে বিজেপি। বুধবার সকাল থেকেই ভোটের সামগ্রী বিতরণ কেন্দ্রগুলিতে পৌঁছে যান ভোটকর্মীরা। ইভিএম, ভিভিপ্যাট-সহ অন্যান্য ভোটের সরঞ্জাম সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। সার্বিকভাবে নির্বাচনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ভোটকর্মীদের একটি বড় অংশ।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ন’টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। আগামিকাল জেলার খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুরে ভোটগ্রহণ হবে। সেই জেলাতেও বুধবার সকাল থেকে একই পরিস্থিতি। ভোটের সরঞ্জাম নিয়ে বুথমুখী ভোটকর্মীরা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও হবে ভোটগ্রহণ। এই জেলায় এবার তিন দফায় হবে নির্বাচন। আগামিকাল গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

The post দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ আসনে ভোট, জেলায়-জেলায় প্রস্তুতি তুঙ্গে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31BCShs
إرسال تعليق (0)
أحدث أقدم