নয়াদিল্লি: দেশের করোনা পরিস্থিতি ক্রমেই আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে। গোটা দেশ করোনা হানায় ভয়ঙ্কর এক বিপদের মুখে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। বিশেষ করে কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ বহু গুণে বাড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে দেশের করোনা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
নীতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভিকে পাল বলেছেন, ‘‘দেশের করোনা পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে বদলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে, বিশেষত কয়েকটি রাজ্যে করোনার সংক্রমণের বাড়বাড়ন্ত ভয়ঙ্করভাবে উদ্বেগ বাড়িয়েছে। কোনও রাজ্য, দেশের কোনও অংশই যেন এখনই আত্মতুষ্টিতে না ভোগে।’’
দেশে করোনার সেকেন্ড ওয়েভে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে, একথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের সেই আশঙ্কাই যেন সত্যি হচ্ছে। রাজ্যে-রাজ্যে হু-হু করে ছড়াচ্ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত জেলাগুলির মধ্যে আটটিই মহারাষ্ট্রের। দিল্লিকেও তালিকায় রাখা হয়েছে।
দেশের সর্বাধিক করোনা সংক্রমিত আট জেলা হল, পুনে (৫৯,৪৭৫), মুম্বই (৪৬,২৪৮), নাগপুর (৪৫,৩২২), থানে (৩৫,২৬৪), নাসিক (২৬,৫৫৩), ঔরঙ্গাবাদ (২১,২৮২), বেঙ্গালুরু আরবান (১৬,২৫৯), নান্দেদ (১৫,১৭১) ), দিল্লি (৮০৩২), আহমেদনগর (৭,৯৫২)। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেন, ‘‘কয়েকটি জেলায় করোনার ক্রমবর্ধমান মারাত্মক ও তীব্র গতিতে সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এবার গোটা দেশটি সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে। জীবন বাঁচাতে সব ধরনের প্রয়াস জরুরি।’’
দেশের মধ্যে সর্বাধিক সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র। গত ১৭ ফেব্রুয়ারি মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ছিল ৫,৪৯৩। সেই সংখ্যা ২৪ মার্চ বেড়ে হয় ৩৪,৪৫৬। করোনায় দৈনিক মৃত্যু সেরাজ্যে গত ১০ ফেব্রুয়ারি ছিল ১০। ২৪ মার্চ তা বেড়ে হয় ১১৮। চোখ কপালে তোলার মতো এই পরিসংখ্যানে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় সরকারের।
কেন্দ্রের স্বাস্থ্য সচিবের মতে, ‘‘একাংশের জনগণের হেলদোলহীন আচরণ ও কোভিড প্রোটোকেলকে শিকেয় তোলে ঘুরে বেড়ানোর জেরেই সংক্রমণ বেড়ে চলেছে।’’ মহারাষ্ট্রের পাশাপাশি সংক্রমণ ছড়াচ্ছে পঞ্জাবেও। সেই রাজ্যেও ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে করোনার দৈনিক সংক্রমণ ছিল ৩৩২। পরে তা বেড়ে হয় ২,৭৪২। ফেব্রুয়ারি মাসে দৈনিক ৮ জনের মৃত্যু বেড়ে পৌঁছোয় ৫২-তে।
The post করোনার সেকেন্ড ওয়েভ: গোটা দেশ মারাত্মক ঝুঁকির মুখে, উদ্বিগ্ন কেন্দ্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wbhayZ