মেলবোর্ন: স্যান্ডপেপার গেট কান্ডের জেরে একবছরের নির্বাসন কাটিয়ে ২০১৯ বাইশ গজে ফিরেছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক পদে পুনর্বহাল হওয়ার ব্যাপারে দু’বছরের যে নিষেধাজ্ঞা ছিল সেটাও উঠে গিয়েছে গতবছর। এখন চাইলেই অস্ট্রেলিয়ার অধিনায়ক পদে পুনরায় আসীন হতে পারেন স্টিভ স্মিথ। কিন্তু বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান নিজে কী ভাবছেন জাতীয় দলকে পুনরায় নেতৃত্ব দেওয়ার ব্যাপারে?
সম্প্রতি নিউজ কর্প’কে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, পুনরায় জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি তৈরি। স্থানীয় সংবাদমাধ্যমটিকে স্মিথ বলেছেন, ‘আমি এই বিষয়ে চিন্তাভাবনা করে প্রচুর সময় ব্যয় করেছি এবং আমি একটা সিদ্ধান্তেও পৌঁছেছি। সেটা হল ফের অধিনায়কত্বের সুযোগ যদি আমার কাছে আসে তাহলে আমি সেই সুযোগ নিতে উৎসাহী।’ যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়ে এখনও কোন আগ্রহ দেখায়নি।
তবে স্মিথের কথায়, ‘এটা সম্পূর্ণভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাপার যে ওরা কী চায়। ওরাই বিচার করবে দলের জন্য কোনটা উপযুক্ত। তবে হ্যাঁ এটা নিশ্চিত যে আমি জাতীয় দলের অধিনায়ক হওয়ার ব্যাপারে আগ্রহী।’ স্যান্ডপেপার গেট কান্ডের ঘটনা তিন বছর হতে চলল। সেই থেকে টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব সামলাচ্ছেন টিম পেইন। তবে দীর্ঘ সময় কেটে গেলেও কেপটাউনের ঘটনা এখনও তাঁকে তাড়া করে ফেরে এবং ভবিষ্যতেও করবে বলে জানিয়েছেন স্মিথ।
২৭টি আন্তর্জাতিক টেস্ট শতরানের মালিকের কথায়, ‘আমি জানি না দেশকে আর নেতৃত্ব দিতে পারব কীনা তবে কেপটাউনের ঘটনা আমার জীবনে ভোলার নয়। এখনও ওই ঘটনার কথা ভীষণভাবে মনে পড়ে। সময় গড়িয়ে চলেছে আর আমিও ওই ঘটনার মধ্যে দিয়ে মানুষ হিসেবে অনেক কিছুই উপলব্ধি করেছি। আমার মনে হয় সুযোগ পেলে আমি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম।’
তবে অধিনায়কত্বের সুযোগ না এলেও কোনও ব্যাপার না। টিম (টিম পেইন) হোক বা ফিঞ্চি (অ্যারন ফিঞ্চ) অধিনায়ক পদে যেই থাকুক না কেন, তাঁকে সবসময় সাহায্য করতে প্রস্তুত স্মিথ। উল্লেখ্য, রাজস্থান ছেড়ে আসন্ন আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে স্মিথকে। প্রাথমিকভাবে দিল্লির অধিনায়ক পদে স্মিথকে দেখার কোনও সম্ভাবনা না থাকলেও সম্প্রতি সেই সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রেয়স আইয়ার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় নয়া অধিনায়কের দৌড়ে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
The post বোর্ড চাইলে ফের অধিনায়ক হতে আগ্রহী স্মিথ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39oBEdM