৬ আল কায়দা জঙ্গি গ্রেফতার হওয়ার পরই রাজ্য সরকারকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

স্টাফ রিপোর্টার, কলকাতা: মুর্শিদাবাদ থেকে ছ’জন আল কায়দা জঙ্গি গ্রেফতার হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুলধোনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “ভোটে জিততেই ইসলামিক জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে তৃণমূল সরকার।” তাঁর বক্তব্য, “বাংলার সরকারই একমাত্র জাতীয় নিরাপত্তার পরিবর্তে রাজনীতিকে গুরুত্ব দেয়।”

শনিবার সকালে মুর্শিদাবাদ থেকে ছয় আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। কেরল থেকে আরও তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর এনআইএ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ৯ জঙ্গিকে ট্রেনিং দিত পাকিস্তানে থাকা আলি-কায়দার মাথারা। ভারতে বড় নাশকতার ছক কষছিল তারা।

এই গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই দিলীপ ঘোষ বলেন, “পুলিশ জঙ্গিদের গ্রেফতার করতে পারছে না। অথচ সাধারণ মানুষকে বিজেপি করার অপরাধে গ্রেফতার করা হচ্ছে। গাঁজার কেস দেওয়া হচ্ছে। তৃণমূল জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি এবং সারা পশ্চিমবাংলায় ইসলামিক জঙ্গি সংগঠনের গতিবিধি বাড়িয়ে তুলছে। এই দুই গোষ্ঠীকে কাজে লাগিয়ে ভোট জেতার চেষ্টা করছে। বিজেপি নেতাদেরও খুন করানো হচ্ছে।” দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সীমান্তে নজর রাখা।

তবে শুধু দিলীপ ঘোষ একা নন, মুর্শিদাবাদ তথা বাংলায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির ঘটনা নিয়ে রাজ্যে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সরকারকে খোঁচা দিয়ে ধনকড় বলেছেন,বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। আর অধীর চৌধুরী বলেছেন, বাংলার পুলিশ তৃণমূল বাঁচাতে ব্যস্ত, জঙ্গি নেটওয়ার্ক খোঁজার সময় কই!!

যদিও রাজ্যপালের টুইটের পর তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “বেশিরভাগ জঙ্গি সীমান্ত হয়েই পশ্চিমবঙ্গে ঢোকে। সে ক্ষেত্রে বিএসএফ কেন আগে থেকে ব্যবস্থা নিচ্ছে না? তারা তো কেন্দ্রের অধীন। তাই রাজ্যকে আগে দোষারোপ না করে কেন্দ্রের কাছে জবাবদিহি চাওয়া উচিত রাজ্যপালের।”

The post ৬ আল কায়দা জঙ্গি গ্রেফতার হওয়ার পরই রাজ্য সরকারকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mMflE6
إرسال تعليق (0)
أحدث أقدم